দীপচন্দ্র হত্যার প্রতিবাদে দাবানল এপার বাংলায়: রাজপথে শুভেন্দু ও সাধু-সন্তরা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২৬, ২০২৫ at ২৩:২৪

এসপিটি নিউজ, কলকাত্‌ ২৬ ডিসেম্বর: ওপার বাংলায় হিন্দু যুবক দীপচন্দ্র দাসকে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে মারার পৈশাচিক ঘটনার রেশ আছড়ে পড়ল এপার বাংলাতেও। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের প্রতিবাদে আজ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনে স্মারকলিপি জমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই ইস্যুতে আরামবাগে রাজপথে নামলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শিলিগুড়ি থেকে উত্তর ২৪ পরগনা—রাজ্যের একাধিক প্রান্তে আজ প্রতিবাদ মিছিলে সরব হয় বিজেপি।

শুক্রবার বিকেলে কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনে যান শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিভিন্ন মঠ ও মিশনের কয়েক’শ সাধু-সন্ত। হাই-কমিশনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশে যেভাবে দীপচন্দ্র দাসের মতো যুবকদের পিটিয়ে ও পুড়িয়ে মারা হচ্ছে, তা মানবসভ্যতার লজ্জা। আমরা চুপ করে বসে থাকতে পারি না। ভারত সরকারের উচিত অবিলম্বে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া।” তিনি ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের কাছে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অন্যদিকে, হুগলির আরামবাগে আজ এক বিশাল প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মিছিলে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক অংশ নেন। সুকান্ত মজুমদার অভিযোগ করেন, “বাংলাদেশে সুপরিকল্পিতভাবে হিন্দুদের নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে। দীপচন্দ্র দাসের ওপর যে বর্বরতা হয়েছে, তার বিচার চাই। বিশ্ববিবেক কেন আজ নীরব?” তিনি সাফ জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে।

কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও আজ বিশাল প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ শহরে মিছিল থেকে বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এছাড়াও বনগাঁ ও বসিরহাটের মতো সীমান্তবর্তী এলাকাগুলোতেও আজ হিন্দু সংগঠন ও বিজেপির পক্ষ থেকে ধিক্কার মিছিল বের করা হয়।

সম্প্রতি বাংলাদেশে দীপচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ভয়াবহ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। ভারতের বিদেশ মন্ত্রকও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Published on: ডিসে ২৬, ২০২৫ at ২৩:২৪


শেয়ার করুন