

Published on: মে ২৪, ২০২৬ at ২৩:৪১
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ২৪ মে: তীব্র দাবদাহে যখন নাজেহাল শহরবাসী, তখন কলকাতা চিড়িয়াখানার পশুপাখিদের সুস্থ ও স্বস্তিতে রাখতে একাধিক বিশেষ উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গরমের প্রকোপ থেকে পশুদের রক্ষা করতে পানীয় জল, ঠান্ডা পরিবেশ, বিশেষ খাদ্য এবং নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের উপর জোর দেওয়া হয়েছে।
চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, পশুদের জন্য সারাদিন পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। সকালবেলায় পশু ও পাখিদের স্নান করানো হচ্ছে যাতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং হিট স্ট্রেস কমে। বিভিন্ন এনক্লোজারে লাগানো হয়েছে ওয়াটার স্প্রিংকলার, যাতে চারপাশের পরিবেশ ঠান্ডা থাকে।
প্রখর রোদ আটকাতে খাঁচা ও বিশ্রামস্থলের উপরে লাগানো হয়েছে বাঁশ ও বেতের তৈরি ‘ডরমা’ ছাউনি, পাটকাঠি ও খড়ের ছাউনি, তারপোলিন এবং অ্যাগ্রো নেট। কিছু পশুশালায় ফ্যান ও এয়ার কুলারের ব্যবস্থাও করা হয়েছে। বিশেষ করে ভালুক ও মাংসাশী প্রাণীদের জন্য রাখা হচ্ছে বরফের বড় বড় চাঁই, যাতে তারা কিছুটা আরাম পায়।
পশুদের শরীরে জলের ঘাটতি যাতে না হয়, তার জন্য পানীয় জলে ওআরএস ও গ্লুকন-ডি মেশানো হচ্ছে। পাশাপাশি খাদ্যতালিকায় যোগ করা হয়েছে জলসমৃদ্ধ মৌসুমি ফল— যেমন আম, তরমুজ, শসা, পাকা কাঁঠাল, পেঁপে ও আঙুর। টক দইও দেওয়া হচ্ছে শরীর ঠান্ডা ও সতেজ রাখতে।
চিড়িয়াখানার বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগাররা জলে নেমে গরম থেকে স্বস্তি পাচ্ছে। অ্যালডাবরা কচ্ছপকে দেওয়া হচ্ছে ঠান্ডা জলের স্নান। মালয়ান ট্যাপির নিশ্চিন্তে খাবার খেতে দেখা গিয়েছে শীতল পরিবেশে। এছাড়া মাউস ডিয়ারের জন্য তৈরি করা হয়েছে খড়ের ছাউনি দেওয়া বিশেষ ঘর।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গরমের এই সময়ে পশুপাখিদের উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কোনও প্রাণীর মধ্যে হিট স্ট্রেস বা অসুস্থতার লক্ষণ দেখা গেলেই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
প্রাণীদের সুরক্ষা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতা চিড়িয়াখানার এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে পশুপ্রেমীদের মহলে।







Published on: মে ২৪, ২০২৬ at ২৩:৪১



