
২০২৬-এ ১৩ বিলিয়ন ডলারের মেডিক্যাল ট্যুরিজম বাজার

Published on: মে ২৫, ২০২৬ at ২১:১২
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ২৫ মে: বিশ্বজুড়ে দ্রুত বদলে যাচ্ছে চিকিৎসা পরিষেবার মানচিত্র। সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারত। কম খরচে উন্নত চিকিৎসা, দক্ষ চিকিৎসক, আধুনিক হাসপাতাল এবং দ্রুত পরিষেবার কারণে বিদেশি রোগীদের কাছে এখন অন্যতম ভরসার নাম ভারত। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ২০২৬ সালের মধ্যেই ভারতের মেডিক্যাল ট্যুরিজম বা ‘মেডিক্যাল ভ্যালু ট্রাভেল’ বাজার ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সম্প্রতি জানিয়েছেন, ২০২২ সালে ভারতের মেডিক্যাল ট্যুরিজম বাজার ছিল প্রায় ৬ বিলিয়ন ডলার। মাত্র চার বছরের মধ্যে তা দ্বিগুণেরও বেশি হয়ে ১৩ বিলিয়ন ডলারে পৌঁছনোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৃদ্ধির পিছনে রয়েছে সরকারি নীতি সহায়তা, আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং তুলনামূলকভাবে অনেক কম চিকিৎসা খরচ।
ভারতে বর্তমানে প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি রোগী চিকিৎসার জন্য আসছেন। সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশ, মালদ্বীপ, আফগানিস্তান, ওমান, কেনিয়া, নাইজেরিয়া-সহ বহু দেশ থেকে রোগীরা ভারতে আসছেন হৃদরোগ, ক্যানসার, অর্থোপেডিক সার্জারি, কসমেটিক সার্জারি, IVF এবং অঙ্গ প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসার জন্য।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা বা ইউরোপের তুলনায় ভারতে চিকিৎসার খরচ ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কম। অথচ পরিষেবার মান আন্তর্জাতিক স্তরের। সেই কারণেই ভারত এখন “সাশ্রয়ী অথচ উন্নত চিকিৎসা”-র বিশ্বকেন্দ্র হয়ে উঠছে।
এই মেডিক্যাল ট্যুরিজমের সবচেয়ে বড় কেন্দ্রগুলির মধ্যে রয়েছে চেন্নাই, মুম্বই, নিউ দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু এবনহ কোচি। বিশেষ করে চেন্নাইকে অনেকেই এখন “ভারতের স্বাস্থ্যের রাজধানী ” বলছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বিদেশ থেকে ভারতে আসা মোট স্বাস্থ্য পর্যটকদের প্রায় ৪৫ শতাংশই চেন্নাইয়ে চিকিৎসা করাতে যান।
অন্যদিকে কলকাতাও ধীরে ধীরে পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ মেডিক্যাল হাব হিসেবে উঠে আসছে। বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের বহু রোগী এখন কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে আসছেন। হৃদরোগ, কিডনি, নিউরো ও ক্যানসার চিকিৎসায় শহরের সুনাম আন্তর্জাতিক স্তরেও ছড়াচ্ছে।
শুধু আধুনিক চিকিৎসাই নয়, আয়ুর্বেদ, যোগ, ওয়েলনেস থেরাপি এবং বিকল্প চিকিৎসাকেও একত্রিত করে ভারত এখন “ভারতে সুস্থ হওয়া” উদ্যোগকে বিশ্বমঞ্চে তুলে ধরছে। কেন্দ্রীয় সরকারও মেডিক্যাল ও ওয়েলনেস ট্যুরিজমকে বাড়াতে বিশেষ ভিসা সুবিধা, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা এবং আঞ্চলিক মেডিক্যাল হাব তৈরির পরিকল্পনা নিয়েছে।
তবে এই উত্থানের মাঝেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত এবং আন্তর্জাতিক বিমান চলাচলের অনিশ্চয়তার কারণে সম্প্রতি বিদেশি রোগীর সংখ্যা কিছুটা প্রভাবিত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে চেন্নাইয়ের হাসপাতালগুলিতে পশ্চিম এশিয়া থেকে রোগী আসা কমেছে।
তার পরেও আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি আতিথেয়তা, প্রযুক্তি, ভাষাগত সহায়তা এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থার কারণে ভারত এখন বিশ্ব মেডিক্যাল ট্যুরিজম শিল্পে অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে আসছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে এই ক্ষেত্র ভারতের অর্থনীতি, পর্যটন এবং স্বাস্থ্যখাত—তিনটিকেই নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।
Published on: মে ২৫, ২০২৬ at ২১:১২



