বেআইনি টোল গেট বন্ধে কড়া নির্দেশ নবান্নের, জেলাশাসকদের তৎপর হওয়ার নির্দেশ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১৩, ২০২৬ at ২১:৩২

এসপিটি নিউজ, কলকাতা, ১৩মে: রাজ্য জুড়ে বেআইনি টোল গেট, ড্রপ গেট ও অবৈধ টাকা তোলার সমস্ত সংগ্রহ কেন্দ্র অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সই করা একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারের অনুমোদন বা বৈধ অনুমতি ছাড়া পরিচালিত সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেসব টোল গেট বা ব্যারিকেডের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে অর্থ আদায় করা হচ্ছে অথচ সেগুলির সরকারি অনুমোদন নেই, সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে।

এই বিষয়ে সংশ্লিষ্ট জেলাশাসকদের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছে। তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে—

  • নিজ নিজ এলাকায় থাকা বেআইনি টোল বা ড্রপ গেট চিহ্নিত করতে হবে
  • অবিলম্বে সেই সমস্ত গেট অপসারণ বা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে
  • ভবিষ্যতে যাতে পুনরায় অনুমতি ছাড়া এই ধরনের গেট চালু না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে

সরকার আরও স্পষ্ট করেছে, এই ধরনের বেআইনি সংগ্রহ কেন্দ্র থেকে কোনও রকম ফি, চার্জ বা টাকা আদায় অবিলম্বে বন্ধ করতে হবে।

একই সঙ্গে রাজ্যের সমস্ত বৈধ টোল সংগ্রহ কেন্দ্রের তালিকাও দ্রুত প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোন কর্তৃপক্ষ টোল আদায় করছে এবং কতদিনের জন্য টেন্ডার অনুমোদিত রয়েছে, তার পূর্ণ তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে প্রশাসনকে।

এছাড়া, বৈধ ও অবৈধ— উভয় ধরনের সংগ্রহ কেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা আগামী ১৫ মে দুপুর ১২টার মধ্যে আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্নের এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। নির্দেশ যথাযথভাবে পালন না হলে দায় নির্ধারণ করা হবে বলেও কড়া বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Published on: মে ১৩, ২০২৬ at ২১:৩২


শেয়ার করুন