“আপনি বাংলার টাকা আটকে রেখেছেন” — মোদিকে নিশানা অভিষেকের

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১৮, ২০২৬ at ২১:২৮

এসপিটি নিউজ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র–রাজ্য সংঘাতকে আরও তীব্র করে তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি অভিযোগ করলেন, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের প্রাপ্য আর্থিক বরাদ্দ আটকে রেখে রাজ্যের সাধারণ মানুষের উপর দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে।

বহরমপুরের এক জনসভা থেকে অভিষেক বলেন,“মোদিজি, আপনি বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছেন। আবাস, রাস্তা, কাজ, পানীয় জল— সব কিছুর জন্য যে অর্থ কেন্দ্রের দেওয়া উচিত ছিল, তা বন্ধ করে রাখা হয়েছে। এর খেসারত দিচ্ছেন বাংলার মানুষ।”

অভিষেক ব্যানার্জীর দাবি, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বাংলার সঙ্গে বঞ্চনামূলক আচরণ করছে। তাঁর বক্তব্য, “যেখানে বিজেপি সরকার নেই, সেখানে টাকা বন্ধ। এটাই তাদের রাজনীতি। কিন্তু টাকা না দিলেও বাংলার উন্নয়ন থামেনি— মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য নিজের শক্তিতে এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, কেন্দ্রের তরফে একাধিক প্রকল্পে অর্থ ছাড় না হওয়ায় গ্রামোন্নয়ন, আবাসন প্রকল্প ও কর্মসংস্থানে সমস্যা তৈরি হচ্ছে। তবুও রাজ্য সরকার নিজস্ব তহবিল দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

সভা থেকে অভিষেক ব্যানার্জী বিজেপিকে কড়া রাজনৈতিক বার্তাও দেন। তাঁর হুঁশিয়ারি, “বাংলার মানুষ সব দেখছে, সব মনে রাখছে। ভোটের দিন এই বঞ্চনার জবাব ব্যালটেই দেওয়া হবে।”

তিনি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অপব্যবহার, ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগও তোলেন। তাঁর দাবি, ভয় দেখিয়ে বা প্রশাসনিক চাপ তৈরি করে বাংলায় রাজনৈতিক লড়াই জেতা যাবে না।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক জনসভাগুলিতে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি এবং উন্নয়নের অভাবের অভিযোগ তুলে পাল্টা আক্রমণ শানিয়েছেন। মোদির দাবি, “১৫ বছর ধরে তৃণমূলের শাসনে বাংলার সম্ভাবনা নষ্ট হয়েছে। এখন ‘আসল পরিবর্তন’-এর সময়।”

বিজেপির বক্তব্য, কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যে ঠিকভাবে ব্যবহার হয়নি বলেই বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় তহবিল বনাম রাজ্যের বঞ্চনা— এই ইস্যুই ২০২৬ সালের নির্বাচনের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছে। একদিকে তৃণমূল ‘বঞ্চিত বাংলা’ তত্ত্বকে সামনে আনছে, অন্যদিকে বিজেপি ‘পরিবর্তন’-এর ডাক দিচ্ছে।

Published on: জানু ১৮, ২০২৬ at ২১:২৮


শেয়ার করুন