
Published on: সেপ্টে ৫, ২০২৪ at ২০:২৬
Reporter: Dr. Soumitra Pandit

এসপিটি নিউজ, কলকাতা, ৫ সেপ্টেম্বর: গত ৯ ই আগস্ট,২০২৪ আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীর নৃশংস হত্যার বিচার চেয়ে পথে নেমেছে সারা দেশ সহ গোতা বিশ্ব। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল গোটা রাজ্য। প্রতিদিন প্রতিনিয়ত কোথাও না কোথাও এই জঘন্য খুনের বিচারের দাবিতে চলছে প্রতিবাদ মিছিল। কোথাও মিছিল, কোথাও গানে, কোথাও বা পথনাটিকা আবার কোথাও রাস্তায় অংকন এর মধ্য দিয়ে কিংবা মোমবাতি মিছিলে সবাই পা মিলিয়েছেন প্রতিবাদের জন্য। এবার সেই প্রতিবাদে পথে নামল পশ্চিমবংগ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়।
গত ১৪ আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচি ছিল চোখে পড়ার মতো এক ভিন্ন ধরনের প্রতিবাদ যা এর আগে তিলোত্তমা কলকাতার ইতিহাসে কখনো দেখা যায়নি।আমরা সবাই দেখেছি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদে প্রথম সারিতে রয়েছে চিকিৎসক মহল। চিকিৎসক ছাত্র, শিক্ষকরা যৌথভাবেই প্রতিবাদ শুরু করেছিল। সেই একই পথে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসকরা, ছাত্র শিক্ষক সবাই নিজেদের মতো করে গত ৯ আগস্ট যোগ দিয়েছিল তাদের প্রতিবাদ মিছিলে। আজ অর্থাৎ ৫ সেপ্টেম্বর মহান শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সকল প্রাণী চিকিৎসক শিক্ষকদের ডাকে বিশ্ববিদ্যালয় অধীনে কর্মরত সমস্ত স্তরের ছাত্র শিক্ষক আধিকারিক অফিসার ও অন্যান্য সকল স্তরের মানুষজনদের নিয়ে আজ প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বেলগাছিয়া ও আরও দুটি ক্যাম্পাস চকরিয়া এবং মোহনপুরে । এই মিছিলে পা মেলান সমস্ত স্তরের সংগঠনের মানুষজন, প্রতিবাদের দাবি ছিল একটাই – জাস্টিস ফর আর. জি. কর।
“দিকে দিকে উঠছে স্বর, জাস্টিস ফর আর. জি. কর”। প্রতিবাদ মিছিল থেকে থেকে একটাই দাবি উঠে আসে যে, অবিলম্বে এই তিলোত্তমার ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত সমস্ত মানুষজনদের অবিলম্বে খুজে বের করতে হবে এবং তাদের যথোপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। যাতে আগামী দিনে এমন ঘটনা যেন না ঘটে।
পশ্চিমবঙ্গের একমাত্র বিশ্ববিদ্যালয়। যেখানে প্রাণী চিকিৎসার সঙ্গে যুক্ত সর্বস্তরের মানুষজন এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার মিছিলের শামিল হয়ে তারা এটাই বার্তা দিতে চেয়েছে যে তারা তিলোত্তমার বিচার চায় এবং তিলোত্তমার পরিবারের সাথেই রয়েছে।
Published on: সেপ্টে ৫, ২০২৪ at ২০:২৬



