

Published on: জুন ১৩, ২০২৬ at ২০:১৭
এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর সংলগ্ন মদপুর এলাকায় অনুষ্ঠিত হল রাষ্ট্র শান্তি যজ্ঞ। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আধ্যাত্মিক আবহে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন মঠ-মন্দির ও ধর্মীয় সংগঠনের সাধু-সন্তদের উল্লেখযোগ্য সমাগম ঘটে।
বনবাসী রক্ষা পরিবার ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শোভাযাত্রা, যজ্ঞ, ধর্মীয় আলোচনা এবং অন্নদান কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্ত ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরের বাখারপুরস্থিত অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ১০০৮ মহন্ত আচার্য দেবানন্দ শাস্ত্রী, ভারত সেবাশ্রম সংঘের ধার্মিক সম্পাদক স্বামী নিগুণানন্দ মহারাজ, বিশ্ব হিন্দু পরিষদের স্বামী অমর মহারাজ, বিবেকানন্দ মিশনের স্বামী আত্মসেবানন্দ, ঝাড়গ্রামের স্বামী রসিকানন্দ, বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক বীরেন্দ্র নাথ শর্মা এবং বনবাসী রক্ষা পরিবার ফাউন্ডেশনের প্রান্তীয় সংযোজক রতন চক্রবর্তী। এছাড়াও দুর্গাবাহিনী, বজরং দল এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহন্ত আচার্য দেবানন্দ শাস্ত্রী বলেন, “এই ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে। সনাতন সংস্কৃতির প্রকৃত আদর্শ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। একই সঙ্গে আত্মশুদ্ধি ও মানসিক বিকাশের পথও সুগম হয়।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে শান্তি ও মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। রাষ্ট্র শান্তি যজ্ঞের মতো উদ্যোগ মানুষের মধ্যে সৌহার্দ্য ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনাকে আরও শক্তিশালী করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। যজ্ঞে অংশগ্রহণকারী ভক্তদের জন্য বিশেষ অন্নদানের ব্যবস্থাও করা হয়।
ধর্মীয় আবহ, সাধু-সন্তদের আশীর্বাদ এবং হাজারো মানুষের অংশগ্রহণে মদপুরের এই রাষ্ট্র শান্তি যজ্ঞ একদিকে যেমন আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটায়, তেমনি সমাজে শান্তি ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়ে একটি তাৎপর্যপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবেও বিশেষ গুরুত্ব লাভ করে।

Published on: জুন ১৩, ২০২৬ at ২০:১৭



