

Published on: জানু ৫, ২০২৬ at ২৩:৪৩
এসপিটি নিউজ, গঙ্গাসাগর , ৫ জানুয়ারি: আজ গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সরকারি অনুষ্ঠানে প্রস্তাবিত সাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক জনকল্যাণমূলক প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পুণ্যার্থীদের নিরাপত্তার আশ্বাস দিয়ে জানান, প্রযুক্তির মেলবন্ধনে এবারের গঙ্গাসাগর মেলা হবে আধুনিক ও নিরাপদ। সেই দিকে খেয়াল রেখেই সাগর মেলায় আগত পুণ্যার্থী ও ভক্তদের সহায়তা এবং নির্ভুল তথ্য আদান-প্রদানের জন্য এবার যুক্ত হয়েছে উন্নত প্রযুক্তির জিপিএস (GPS) সিস্টেম। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সহযোগিতায় এই বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “গঙ্গাসাগর মেলা এখন বিশ্বমানের। আমরা চাই পুণ্যার্থীরা নিরাপদে মেলা সেরে ফিরুন। সাগর সেতু তৈরি হয়ে গেলে যাতায়াত আরও সহজ হবে এবং মুড়িগঙ্গা নদীর ওপর ভেসেলের জন্য আর অপেক্ষা করতে হবে না।”
সাগর মেলায় আসা পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সহযোগিতায় উন্নত জিপিএস সিস্টেম চালু করেছে। ঘন কুয়াশায় ভেসেল বা বার্জ যাতে পথ না হারায়, তার জন্য মেগা কন্ট্রোল রুম থেকে সরাসরি নজরদারি চালানো হচ্ছে। লট-৮ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ১,২০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আকাশপথে নজরদারির জন্য নিয়োজিত থাকছে ২০টি ড্রোন।
পুণ্যার্থীদের যাতায়াত মসৃণ করতে রাজ্য সরকার পরিবহণ ব্যবস্থায় বড়সড় পদক্ষেপ নিয়েছে। মোট ২১টি জেটি (১০টি স্থায়ী ও ১১টি অস্থায়ী) থেকে ১৩টি বার্জ, ৪৫টি ভেসেল ও ১০০টি লঞ্চ চলাচল করবে। কলকাতা, হাওড়া ও শিয়ালদহ থেকে মেলা পর্যন্ত ২,৫০০টি সরকারি ও বেসরকারি বাস পরিষেবা প্রদান করছে।
নতুন জেলাশাসক অরবিন্দ মীনা মেগা কন্ট্রোল রুমে থেকে গোটা পরিস্থিতির তদারকি করছেন। নবান্ন সূত্রের খবর, দমদম বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ স্টেশনে সহায়তাকেন্দ্র খোলা হয়েছে যাতে তীর্থযাত্রীদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।
মুখ্যমন্ত্রীর সফরের মধ্য দিয়ে মেলা প্রস্তুতির চূড়ান্ত পর্বের সূচনা হলো। মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হলে আগামী দিনে গঙ্গাসাগর যাতায়াত আরও সহজতর হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


Published on: জানু ৫, ২০২৬ at ২৩:৪৩



