

Published on: জুন ১৭, ২০২৬ at ১৯:২৩
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ১৭ জুন: পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে এবং পর্যটকদের জন্য আরও নির্ভরযোগ্য ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ। বুধবার কলকাতায় পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা ও আলোচনা চক্রে তিনি রাজ্যের পর্যটন উন্নয়নের জন্য পাঁচটি কৌশলগত লক্ষ্য বা ‘ফাইভ স্ট্র্যাটিজিক ভিশন’ তুলে ধরেন। এদিনের সভায় পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীও উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন, ট্যুর অপারেটর, হোটেল ব্যবসায়ী ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে পর্যটন দফতর। এদিনের সভায় মন্ত্রী জানান, আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে, যার ভিত্তিতেই এগোবে রাজ্যের পর্যটন উন্নয়নের কর্মসূচি।
ড. ঘোষ জানান, পর্যটন দফতরের পাঁচটি মূল লক্ষ্য হল— ১) সম্ভাবনাকে সাফল্যে পরিণত করা, ২) পর্যটনকে সর্বসাধারণের জন্য আরও সহজলভ্য করে তোলা, ৩) বাংলার পর্যটনকে আন্তর্জাতিক মানচিত্রে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করা, ৪) পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পশ্চিমবঙ্গকে পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং ৫) পর্যটনের সঙ্গে অন্যান্য ক্ষেত্রের সমন্বয় ঘটানো।
সভায় তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন পর্যটন সার্কিটের সঙ্গে যুক্ত সংস্থা ও ব্যবসায়ীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ডাটা ব্যাংক তৈরি করা হবে। এজন্য আগামী ৩০ জুনের মধ্যে সমস্ত পর্যটন সংগঠনকে নিজেদের তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে পর্যটন দফতর।
মন্ত্রী বলেন, পর্যটকদের স্বার্থে নিবন্ধিত ও বৈধ পর্যটন পরিষেবা প্রদানকারীদের একটি নির্ভরযোগ্য তালিকা তৈরি করা হবে। ভবিষ্যতে পর্যটন দফতর এই তালিকাভুক্ত সংস্থাগুলিকেই বিশেষভাবে প্রচার করবে। এর ফলে পর্যটকরা সঠিক পরিষেবা পাবেন এবং পশ্চিমবঙ্গ ভ্রমণ শেষে একটি ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে ফিরবেন।
তিনি বলেন, “আমরা চাই না কোনও পর্যটক পশ্চিমবঙ্গে এসে নেতিবাচক অভিজ্ঞতা নিয়ে ফিরে যান। বরং তারা যেন বাংলার আতিথেয়তা, সংস্কৃতি ও পর্যটনের সৌন্দর্যের স্মৃতি নিয়ে ফিরে গিয়ে অন্যদেরও এখানে আসতে উৎসাহিত করেন।”
ড. ঘোষ জানান, আজকের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির অগ্রগতি পর্যালোচনা করতে আগামী তিন মাস পরে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি আসন্ন বর্ষাকাল সত্ত্বেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
এদিন তিনি বিশেষভাবে দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যটন আকর্ষণ হিসেবে তুলে ধরার পরিকল্পনার কথাও জানান। তাঁর বক্তব্য, বিশ্বব্যাপী পর্যটন মহলে বাংলার দুর্গাপুজোকে আরও বেশি করে প্রচার করে পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবে রাজ্য সরকার।
পর্যটনমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী পর্যটনের নতুন সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে তুলে ধরার যে আহ্বান জানিয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের পর্যটনকে বিশ্বদরবারে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
পর্যটন শিল্পের প্রতিনিধিদের মতে, বৈধ পর্যটন ব্যবসায়ীদের ডাটাবেস তৈরি এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যের পর্যটন শিল্পে নতুন গতি আসবে এবং পশ্চিমবঙ্গ দেশ–বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।






Published on: জুন ১৭, ২০২৬ at ১৯:২৩



