বদলের ডাক, না উন্নয়নে আস্থা? প্রেস ক্লাব ভোটে মেরুকরণ, ‘হিউম্যান কম্পিউটার’ জুটির ভবিষ্যৎ কী?

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১০, ২০২৫ at ২১:৪৯

এসপিটি নিউজ, কলকাতা, ১০ ডিসেম্বর : সুপ্রাচীন কলকাতা প্রেস ক্লাবের আসন্ন নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত নির্বাচন। ১৫টি পদের জন্য মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে এক প্রকার ‘রাজনৈতিক মেরুকরণ’ দেখা দিয়েছে—এক পক্ষ চাইছে পুরোনো অভিজ্ঞ কমিটিকেই বহাল রাখতে, অন্য পক্ষ চাইছে নতুন মুখের আগমন।

মূল প্রতিদ্বন্দ্বিতায় যারা:

পদ বর্তমান প্রতিদ্বন্দ্বী
সভাপতি স্নেহাশিস সুর সুদীপ্ত সেনগুপ্ত
সম্পাদক কিংশুক প্রামাণিক মুস্তাক খান
কোষাধ্যক্ষ অরিজিৎ দত্ত মৃণাল কান্তি সরকার
সহসভাপতি (২টি পদ) প্রসূন আচার্য, শৈবাল বিশ্বাস শুভদ্যুতি দত্ত, দুর্গাদাস ব্যানার্জি
সহসম্পাদক নিতাই মালাকার বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী
এক্সিকিউটিভ কমিটি (৯টি পদ) ১৩ জন প্রার্থী

 

তবে ৯টি এক্সিকিউটিভ কমিটির মেম্বার পদে  লড়ছেন ১৩ জন। তারা হলেন- অনিন্দিতা সিনহা, অংশু চক্রবর্তী, অপূর্ব দাশগুপ্ত, অশোক সেনগুপ্ত, অবধেশ কুমার চৌধুরী, দেবাশিস সেনগুপ্ত, দেবযানী লাহা ঘোষ, দীপঙ্কর মন্ডল, পুলক মিত্র, সত্যব্রত ভট্টাচার্য, সুগত ব্যানার্জি, সুমন গাঙ্গুলি ও তাপস চক্রবর্তী।

আলোচনার কেন্দ্রে সভাপতি-সম্পাদক জুটি

এবারের নির্বাচনের মূল তাৎপর্য হল, ২০১৮ সাল থেকে সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক-এর কার্যত অপরিবর্তিত জুটি। এই জুটির কার্যকালে ক্লাবের নতুন ভবন নির্মাণসহ একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে বলে অধিকাংশ সদস্যই স্বীকার করেন।

  • পুরোনো কমিটি পন্থী: প্রবীণ সদস্য সাংবাদিক পুলকেশ ঘোষের মতো অনেকে এই জুটিকে ‘হিউম্যান কম্পিউটার’ হিসেবে উল্লেখ করে তাদের অপরিহার্যতা তুলে ধরেছেন। তাদের মতে, কাজ ও পরিকল্পনার ধারাবাহিকতার জন্য এই জুটি ধরে রাখা খুব প্রয়োজন ।
  • পরিবর্তন পন্থী: অন্য একটি অংশ দীর্ঘকাল ধরে পদ আঁকড়ে ধরে থাকার বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন এবং সভাপতি পদে সুদীপ্ত সেনগুপ্ত ও সম্পাদক পদে মুস্তাক খানকে নিয়ে তাদের পছন্দের তালিকা প্রকাশ করে প্রচার শুরু করেছেন।
ঐকমত্যের একমাত্র মুখ শুভদ্যুতি দত্ত

সহ-সভাপতি পদে শুভদ্যুতি দত্ত একমাত্র প্রার্থী, যাকে উভয় পক্ষের পছন্দের তালিকাতেই রাখা হয়েছে। পুলকেশ ঘোষের মতো অভিজ্ঞ সদস্যরা তাকে ‘দ্যুতি বিচ্ছুরণের সুযোগ’ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। অন্যদিকে, পুরোনো কমিটি পন্থীরা শৈবাল বিশ্বাসকে তার কাজের জন্য সমর্থন করছেন এবং পরিবর্তন পন্থীরা দুর্গাদাস ব্যানার্জিকে চাইছেন।

ভোটের দিনক্ষণ

আগামী ১৩ ডিসেম্বর, বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই নির্বাচন ক্লাব সদস্যদের মধ্যে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছে, যা শতাব্দী প্রাচীন এই প্রেস ক্লাবের মর্যাদা আরও বাড়িয়ে তুলেছে।

Published on: ডিসে ১০, ২০২৫ at ২১:৪৯


শেয়ার করুন