

Published on: সেপ্টে ৬, ২০১৮ @ ২০:২০
এসপিটি নিউজ, কলকাতা, ৬ সেপ্টেম্বরঃ রাজ্যে বহু ব্রিজের অবস্থা ভালো নয়। বৃহস্পতিবার নবান্নে জরুরী বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন-রাজ্যে ২০টি সেতুর মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই সেতুগুলির মেরামতের প্রয়োজন আছে। এদের মধ্যে কলকাতা ও তার লাগোয়া এলাকায় আছে সাতটি সেতু।
এই সেতুগুলি হল-শিয়ালদহ সেতু, চেতলা ব্রিজ, বিজন সেতু, সাতরাগাছি ব্রিজ, বেলগাছিয়া ব্রিজ। এই সেতুগুলির অবস্থা তো খুব খারাপ। তার উপর ব্রিজের তলায় দোকান, অস্থায়ী ঘর, রান্নাবান্না সব চলে। এর ফলে ব্রিজের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, ব্রিজের নীচে অস্থায়ী আস্তানা করেছে মানুষ। ব্রিজের নীচে থাকার জায়গা নয়।তাদের যদি থাকার জায়গা না থাকে আমি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। সেই সঙ্গে তিনি এদিন পুলিশকে নির্দেশ দেন, অবিলম্বে ব্রিজের নীচের জায়গা খালি করে দিতে হবে।
একই সঙ্গে ব্রিজে ২০ চাকার গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।মুখ্যমন্ত্রী অবশ্য এদিন বলেন, শিয়ালদহ ব্রিজ মেরামত করতে গেলে বাধা দেওয়া হয়।
তবে এখন প্রশ্ন উঠছে-মেয়াদ উত্তীর্ণ ব্রিজগুলিকে যতদিন মেরামত করা হচ্ছে ততদিন কি সচল রাখা হবে ঐ ব্রিজগুলি? এই প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে রাজ্যবাসীকে।
Published on: সেপ্টে ৬, ২০১৮ @ ২০:২০



