

Published on: ফেব্রু ৩, ২০২৬ at ১৬:৪৫
এসপিটি নিউজ, ভোপাল, ৩ ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশ ট্যুরিজম বোর্ডের এক যুগান্তকারী উদ্যোগে রাজ্যের পর্যটন মানচিত্রে যুক্ত হল এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। অ্যাডভেঞ্চার ক্রীড়াপ্রেমীদের জন্য মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কোরবান পাহাড়ে প্রথমবারের মতো আয়োজিত হল ট্যান্ডেম প্যারাগ্লাইডিং উৎসব। গত ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ২০২৬—এই দু’দিনব্যাপী উৎসবটি যৌথভাবে আয়োজন করে মধ্যপ্রদেশ ট্যুরিজম বোর্ড এবং মধ্যপ্রদেশ ফ্লাইং ক্লাব।
সবুজ পাহাড়, বিস্তৃত উপত্যকা ও খোলা নীল আকাশ—এই অনন্য প্রাকৃতিক পরিবেশে আয়োজিত প্যারাগ্লাইডিং উৎসবটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বিপুল সংখ্যক অ্যাডভেঞ্চারপ্রেমী এই উৎসবে অংশগ্রহণ করেন।
মধ্যপ্রদেশ পর্যটন সচিব ও ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক ডঃ ইলাইয়া রাজা টি. বলেন, “প্রাকৃতিক সৌন্দর্য, ভৌগোলিক বৈচিত্র্য এবং অ্যাডভেঞ্চার কার্যকলাপের বিপুল সম্ভাবনার জন্য মধ্যপ্রদেশ আজ দেশের অন্যতম উদীয়মান পর্যটন গন্তব্য। ট্যান্ডেম প্যারাগ্লাইডিং উৎসবের মতো উদ্যোগ রাজ্যকে জাতীয় ও আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার ট্যুরিজমের মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে কোরবান পাহাড়কে একটি স্থায়ী অ্যাডভেঞ্চার হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে, যেখানে নিয়মিত প্যারাগ্লাইডিং, ট্রেকিং ও অন্যান্য আউটডোর কার্যকলাপ চালু থাকবে।
যুগ্ম পরিচালক (অ্যাডভেঞ্চার ট্যুরিজম) ডঃ এস. কে. শ্রীবাস্তব জানান, উৎসবে নতুনদের পাশাপাশি অভিজ্ঞ অংশগ্রহণকারীদের জন্য আলাদা আলাদা প্যারাগ্লাইডিং সেশনের ব্যবস্থা করা হয়। এতে করে যারা প্রথমবার আকাশে উড়ার স্বপ্ন দেখছেন, তাঁরাও নিরাপদে এই অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।
উৎসবের প্রধান প্রশিক্ষক ক্যাপ্টেন মান্ধার মহাজন বলেন, “সমস্ত ফ্লাইট আন্তর্জাতিক নিরাপত্তা মান মেনে, প্রত্যয়িত ও অভিজ্ঞ প্রশিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ থেকে শুরু করে টেক-অফ ও ল্যান্ডিং—সব ক্ষেত্রেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
মধ্যপ্রদেশ ফ্লাইং ক্লাবের পরিচালক শ্রী নীরজ মজুমদার জানান, প্যারাগ্লাইডিংয়ের জন্য আসন সংখ্যা সীমিত থাকলেও অংশগ্রহণকারীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মাত্র ২,৯৯৯ টাকা খরচে ট্যান্ডেম প্যারাগ্লাইডিংয়ের এই অভিজ্ঞতা পেয়ে অনেকেই একে “জীবনের সেরা অ্যাডভেঞ্চার” বলে অভিহিত করেছেন।পর্যটন বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অ্যাডভেঞ্চার উৎসব শুধু পর্যটন বাড়ায় না, বরং স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং রাজ্যের ব্র্যান্ডিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরবান পাহাড়ে সফলভাবে প্রথম ট্যান্ডেম প্যারাগ্লাইডিং উৎসব আয়োজনের মাধ্যমে মধ্যপ্রদেশ যে অ্যাডভেঞ্চার পর্যটনের নতুন আকাশে উড়তে প্রস্তুত—তা বলাই বাহুল্য।
Published on: ফেব্রু ৩, ২০২৬ at ১৬:৪৫



