সুজিত বসু গ্রেফতার, রাতভর জেরা শেষে ইডির বড় পদক্ষেপ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১১, ২০২৬ at ২৩:৪৮

এসপিটি নিউজ, কলকাতা, ১১ মে: সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে প্রায় সাড়ে ১০ ঘণ্টার ম্যারাথন জেরার পর সোমবার রাতে গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সূত্র ধরে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি চাকরি প্রদান সংক্রান্ত অভিযোগে তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন সদ্য-পরাজিত বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীও। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাত সওয়া ৯টা নাগাদ ইডি তাঁকে গ্রেফতার করে বলে সূত্রের খবর।

উল্লেখযোগ্যভাবে, গত ১ মে-ও ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত। তবে ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে এই প্রথম তিনি আবার তদন্তকারীদের সামনে উপস্থিত হন। ইডি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ ঘিরেই তাঁকে জেরা করা হচ্ছিল।

রাতে ইডি দফতরের বাইরে বেরিয়ে সুজিতের আইনজীবী জানান, তাঁর পুত্র সমুদ্র বসু এখনও কেন্দ্রীয় সংস্থার দফতরেই রয়েছেন। এর আগেও একাধিকবার সুজিতকে তলব করেছিল ইডি। যদিও ভোটের ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি হাজিরা দিতে পারেননি বলে আদালতে জানিয়েছিলেন। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে তদন্তকারীদের সামনে হাজির হন তিনি।

তদন্ত চলাকালীন সুজিত বসুর বাড়ি, অফিস এবং তাঁদের মালিকানাধীন ধাবাতেও তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু তাই নয়, তাঁর পরিবারের সদস্যদেরও ডেকে পাঠিয়ে বয়ান সংগ্রহ করা হয়েছিল। সমুদ্র বসুকেও জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়।

এর আগে সুজিত দাবি করেছিলেন, যে মামলায় তাঁকে তলব করা হচ্ছে, সেই মামলায় সিবিআই ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে তাঁর নাম নেই। তবে শেষ পর্যন্ত ইডির তদন্তের জাল এড়াতে পারলেন না তিনি।

ইডি সূত্রে খবর, সোমবার রাতেই তাঁর শারীরিক পরীক্ষা করানো হবে। এরপর তাঁকে হেফাজতে রাখা হবে। মঙ্গলবার সকালে আদালতে তোলা হতে পারে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রীকে।

Published on: মে ১১, ২০২৬ at ২৩:৪৮


শেয়ার করুন