
Published on: আগ ১৩, ২০২৬ at ২১:২৪
✍️ সৌমিত্র পন্ডিত | সংবাদ প্রভাকর টাইমস
নিজস্ব সংবাদদাতা, সংবাদ প্রভাকর টাইমস: স্বাধীনতা দিবসের প্রাক্কালে সামাজিক কাজ ও জীবন-জীবিকার উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি পেল নেতাজি সেবা ফাউন্ডেশন (NSF)। ‘রাষ্ট্র সেবা পুরস্কার–২০২৬’-এ Social Work – Livelihood Development, West Bengal State বিভাগে সংগঠনটিকে সম্মানিত করা হয়েছে। ১১ আগস্ট ২০২৬ তারিখে জারি করা পুরস্কারের শংসাপত্রে এই স্বীকৃতির উল্লেখ রয়েছে। শংসাপত্র অনুযায়ী, ভারত সেবা সোসাইটি-র উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
দু’বছরেরও কম সময়ের মধ্যে এই স্বীকৃতি সংগঠনের সামাজিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন NSF-এর সদস্যরা। জনসেবা, জীবন ও জীবিকার মানোন্নয়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, রক্তদান, বৃক্ষরোপণ, প্রাণী স্বাস্থ্য, নেশামুক্ত সমাজ গঠন, স্বচ্ছতা অভিযান এবং সামাজিক-সাংস্কৃতিক ও সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি মৎস্যচাষ, কৃষিকাজ, মৌমাছি পালন ও প্রাণীপালন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করে আসছে সংগঠনটি।
পুরস্কার প্রসঙ্গে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শান্তনু বেরা বলেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে জীবন-জীবিকা বিভাগে এই সম্মান সংগঠনের কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের। তাঁর কথায়, এই স্বীকৃতি কোনও একক ব্যক্তির নয়; সংগঠনের সদস্য, কর্মী, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
নেতাজি সেবা ফাউন্ডেশনের সদস্যদের আশা, এই পুরস্কার আগামী দিনে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ তৈরির ক্ষেত্রে সংগঠনকে আরও বৃহত্তর পরিসরে কাজ করার উৎসাহ জোগাবে। স্বাধীনতার ৮০তম বর্ষের আবহে এই সম্মানকে মানুষের জন্য আরও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা হিসেবেই দেখছে NSF।
Published on: আগ ১৩, ২০২৬ at ২১:২৪




