

Published on: ফেব্রু ১৬, ২০২৬ at ২৩:৩৬
এসপিটি নিউজ, রামনগর,(পূর্ব মেদিনীপুর), ১৬ ফেব্রুয়ারি: মহাশিবরাত্রির পবিত্র তিথির পরদিনই মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রামনগরের অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম। রবিবার রামনগরের ত্রৈলক্য ভবনে এলাকার সাধারণ মানুষের মধ্যে অন্নসেবার আয়োজন করা হয়। আশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য দেবানন্দ শাস্ত্রী স্বয়ং উপস্থিত থেকে এই সেবাকর্মে অংশ নেন এবং ভক্তি ও সেবার বার্তা পৌঁছে দেন সকলের কাছে।
এই উপলক্ষে আশ্রমের পক্ষ থেকে শতাধিক মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। ধর্মীয় আচার ও মানবকল্যাণ—এই দুইয়ের মেলবন্ধনই ছিল এ দিনের মূল লক্ষ্য। অন্নসেবা কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আশীষ আদক, সত্যেন্দ্র জানা, ব্রহ্মানন্দ সাউ, তাপস কুমার জানা, অসিত কুমার সাউ, শিপ্রা আদক, সুমিতা সাউ, নীলেশ মাইতি, সঞ্জীব জানা, নগেন প্রধান, দুর্গাদাস পতি, সুধীর সাউ, দীপক নায়ক-সহ আরও অনেকে।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই রামনগর এলাকার প্রত্যন্ত গ্রাম বাখারপুরে মহাশিবরাত্রি বিশেষ মর্যাদায় পালিত হয়ে আসছে। পবিত্র তীর্থস্থান নর্মদা থেকে উদ্ধার হওয়া নাগেশ্বর মহাদেবকে বাখারপুরে অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রমে প্রতিষ্ঠা করা হয়। সেই থেকেই প্রতি বছর শিব চতুর্দশীর পুণ্যলগ্নে বাবা নাগেশ্বর মহাদেবের মাথায় জল ঢালতে ভক্তদের ঢল নামে।
মহাশিবরাত্রির এই ধর্মীয় আবহের পরদিন আচার্য দেবানন্দ শাস্ত্রীর উদ্যোগে অন্নসেবার আয়োজন যেন উৎসবের পরিপূর্ণতা এনে দেয়। ভক্তদের মতে, শিবভক্তির সঙ্গে মানবসেবার এই মিলনই আশ্রমের প্রকৃত সাধনা ও আদর্শকে তুলে ধরে।


Published on: ফেব্রু ১৬, ২০২৬ at ২৩:৩৬



