

এসপিটি নিউজ, ডায়মন্ড হারবার, ১৬ মে: ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক হিংসা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নারী নির্যাতন এবং সরকারি প্রকল্পে কাটমানি– এই চারটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন তিনি।
বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যাঁরা রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন, পুলিশের অন্যায় অত্যাচারের মুখে পড়েছেন, অভিযোগ জানাতে গিয়ে থানায় নিগৃহীত হয়েছেন অথবা কেন্দ্র ও রাজ্যের সরকারি প্রকল্প পেতে ঘুষ কিংবা কাটমানি দিতে বাধ্য হয়েছেন— তাঁদের আবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে হবে। প্রশাসনকে সেই অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণের নির্দেশও দেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হল। তাঁর বক্তব্য, প্রশাসনের ভিতরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তোলাবাজি ও কাটমানির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কোনওভাবেই সাধারণ মানুষের উপর অন্যায় চাপ সৃষ্টি করা চলবে না। অটোচালক, টোটচালক, হকারদের কাছ থেকে এখন আর তোলাবাজি করা যাবে না। কেউ দেবেন না না টাকা। যদি জোর করে তাহলে সোজা থানায় গিয়ে অভিযোগ জানাবেন। তিনি সাফ ভাষায় জানান, “এতদিন শাসকের আইন ছিল, এখন আইনের শাসন চালু হয়েছে।”
রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক স্তরে কঠোর নজরদারি এবং সাধারণ মানুষের অভিযোগকে অগ্রাধিকার দেওয়ার বার্তা স্পষ্টভাবে তুলে ধরলেন তিনি।



