অবসরের ঊর্ধ্বে অভিজ্ঞতার দীপ্তি—কলকাতা প্রেস ক্লাবে বসন্ত উৎসবে পর্যটন ক্ষেত্রের তিন কৃতীকে সম্মান জানাল এটিএসপিবি

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৩ মার্চ : বসন্তের আবেশ, সৌহার্দ্যের বন্ধন আর কৃতজ্ঞতার আবহে কলকাতা প্রেস ক্লাবে বসন্ত উৎসব ২০২৬ উদযাপন করল অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গল  (এটিএসপিবি)। এই অনুষ্ঠানের কেন্দ্রে ছিলেন পর্যটন ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানে সমৃদ্ধ তিন অবসরপ্রাপ্ত প্রাক্তন পর্যটন আধিকারিক—যাঁদের সম্মান জানিয়ে এটিএসপিবি তুলে ধরল অভিজ্ঞতার মূল্য কখনও অবসর নেয় না।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ইন্ডিয়া ট্যুরিজম কলকাতার অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস, মধ্যপ্রদেশ পর্যটনের কলকাতার প্রাক্তন আধিকারিক অভিজিৎ ধর এবং মেঘালয় পর্যটনের কলকাতার প্রাক্তন আধিকারিক সুরজিৎ বসু—এই তিনজনকে উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হয়। মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়।

মধ্যপ্রদেশ পর্যটনের কলকাতার দায়িত্বে থাকা প্রাক্তন আধিকারিক অভিজিৎ গুহ অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, “এটিএসপিবি-র কাছ থেকে এমন সম্মান পেয়ে আমি গর্বিত। বসন্ত উৎসবে উপস্থিত থাকতে পেরে সত্যিই ভালো লাগছে।”

ইন্ডিয়া ট্যুরিজম কলকাতার প্রাক্তন সহ অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস বলেন, “অবসরের পর পদাধিকার না থাকলেও এই সম্মান আমাদের কাছে অত্যন্ত দারুণ। বসন্ত উৎসব আসলে এক মিলনমেলা—এটিকে আরও বড় করে মানুষের মধ্যে পর্যটনের আকর্ষণ বাড়ানোর অনুরোধ রইল।”

মেঘালয় পর্যটনের প্রাক্তন আধিকারিক সুরজিৎ বসু বলেন, “আমাদের মতো অবসরপ্রাপ্ত আধিকারিকদের এভাবে সম্মান জানানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। সমরদার নেতৃত্বে এটিএসপিবি ভবিষ্যতে আরও বেশি সামাজিক কাজ করুক—এই কামনাই করি।”

এটিএসপিবি-র সভাপতি সাগর গুহ জানান, “আজ যাঁদের ডাকা হয়েছে, তাঁরা আমাদেরই মানুষ—দীর্ঘদিনের সঙ্গী। বসন্ত উৎসব আমরা বহু বছর ধরে পালন করছি, আগামীতেও আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই।”

সংগঠনের অভিভাবকসুলভ নেতৃত্বে যাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে, সেই সমর ঘোষ উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমরা সবসময় পর্যটনের প্রসারে কাজ করে চলেছি। আগামী বছর এই অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করা হবে।”

এই তিন কৃতী পর্যটন আধিকারিককে সম্মান জানানোর মধ্য দিয়ে এটিএসপিবি স্পষ্ট বার্তা দিল—অবসর এলেও অভিজ্ঞতার দীপ্তি ম্লান হয় না। পর্যটন ক্ষেত্রে তাঁদের অবদান, দিশা ও স্মৃতি চিরকালই উজ্জ্বল। বসন্ত উৎসবের এই উদযাপনে সেই কথাই আরও একবার হৃদয় ছুঁয়ে গেল।


শেয়ার করুন