

Published on: সেপ্টে ১৮, ২০২৫ at ১৭:১৯
এসপিটি নিউজ, নৈহাটি, ১৮ সেপ্টেম্বর: সাম্প্রতিককালে এই প্রথম এমনটা হল। বাংলার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। বিদ্যুৎ বিভ্রাটের ফলে বাধ্য হয়ে আইএফএ-র সিএফএল প্রিমিয়ারের ম্যাচটি আজ কল্যাণীতে সরিয়ে নিয়ে যেতে হয়েছে। তবে স্টেডিয়ামের তত্ত্বাবধায়ক যিনি মাঠের দেখভালের দায়িত্বে আছে সেই কর্মী সঞ্জয় বিশ্বাস এদিন সংবাদ প্রভাকর টাইমস-কে জানিয়েছেন আসল বিষয়টা।
এদিন ১৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর তিনটে নাগাদ নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ক্লাবের সঙ্গে ইউনাইটেড কলকাতা এসসি-র ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচটি বিশেষ কারণে আজ নৈহাটিতে হয়নি। এজন্য মাঠের প্রস্তুতিও ছিল চূড়ান্ত। একেবারে খেলার জন্য প্রস্তুত রেখেছিলেন মাঠের গ্রাউন্ড কর্মীরা।
এদিন নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে গিয়ে দেখা হল মাঠের দেখভালের দায়িত্বে থাকা তত্বাবধায়ক সঞ্জয় বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন- “আসলে গতকাল হঠাৎ করেই স্টেডিয়ামের বৈদ্যুতিক ব্যবস্থা বিকল হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় একটা বিভ্রাট দেখা দেয়। এজন্য লোক ডাকা হয়। মেরামতের কাজে সময় লাগতে পারে এই ভেবেই এদিনের ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। কাজ খুব দ্রুত গতিতেই চলছে। ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়াররা কাজ করছেন। আশা করছি আগামিকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তারপর এখানে ম্যাচ হওয়ার ক্ষেত্রে আর কোনও অসুবিধা থাকবে না।“
“নৈহাটির এই স্টেডিয়ামটি ফুটবল ম্যাচের জন্য একেবারে আদর্শ। আমাদের এই স্টেডিয়ামে আইএফএ-র টানা ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যা আশপাশের অন্য কোথাও হয়নি। ইস্টবেঙ্গল, মোহনবাগাব, মহানেডান সহ একাধিক দলের খেলোয়াড়েরা এই মাঠের প্রশংসা করে গিয়েছেন। এটা আমাদের কাছে নৈহাটিবাসীর কাছে অত্যন্ত গর্বের। আর এর কৃতিত্ব আমাদের নৈহাটির বিধায়ক সনৎ দে-র। তিনি নিয়মিত এই স্টেডিয়ামের বিষয়ে খোঁজখবর রাখেন। স্টেডিয়ামকে কিভাবে ভাল রাখা যায় , মাঠ কিভাবে সুরক্ষিত রাখা যায় তা নিয়ে বিধায়কের ভূমিকা খুবই ভাল। “ যোগ করেন সঞ্জয়।

Published on: সেপ্টে ১৮, ২০২৫ at ১৭:১৯



