

Published on: এপ্রি ১, ২০১৯ @ ২০:৩৮
এসপিটি নিউজ, শ্রীনগর, ১ এপ্রিলঃ পাকিস্তান সমানে যুদ্ধবিরাম নীতি লঙ্ঘন করে চলেছে। ফের পুঞ্চে শাহপুর-কিরনী সেক্টরের পাশাপাশি কৃষ্ণা ঘাঁটিতে সোমবার ভারী ধরনের গোলা বর্ষণ করে। এই সময় পাকিস্তানের ছোঁড়া গুলিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের এক ইন্সপেক্টর শহীদ হন। এমনকি বিএসএফ-এর চার জওয়ানের সঙ্গে সেনার এক জওয়ানও জখম হয়েছেন। এই গোলাগুলিতে পাঁচ বছরের এক শিশুরও মৃত্যু হয়েছে এবং ১৪জন গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। ভারতীয় সেনা এর সমুচিত জবাব দিচ্ছে।
চার আহতকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যাওয়া হল জম্মু
1) জানা গেছে, পাক সেনা পুঞ্চের শাহপুর, কিরনী, মনকোট, কৃষ্ণা ঘাঁটি সেক্টরে ভারী ধরনের গোলাগুলি শুরু হয়েছে। এই লড়াইতে পাকিস্তানি সেনা ভারতীয় সেনা চৌকির পাশাপাশি সীমান্তবর্তী গ্রামকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
2) সংবাদ সংস্থা এএনআই-কে পুঞ্চের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাহুল যাদব জানিয়েছেন, “পাকিস্তান যুদ্ধবিরাম নীতি লঙ্ঘন করায় তাদের ছোড়া গুলিতে ৫ বছরের এক শিশুকন্যা নিহত হয়েছে এবং ১৩জন বাসিন্দা আহত হয়েছে। এদের মধ্যে ৪জনকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে, ২জনকে সড়ক পথে জম্মুতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাকি সাতজনের পুঞ্চ জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।
Published on: এপ্রি ১, ২০১৯ @ ২০:৩৮



