

Published on: ফেব্রু ১২, ২০২৬ at ২০:১১
এসপিটি নিউজ, কলকাতা, ১২ ফেব্রুয়ারি: রাজ্যের পর্যটনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক গুরুত্বপূর্ণ উদ্যোগের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত “পশ্চিমবঙ্গ পর্যটন অংশীদার সম্মেলন–২০২৬” সফলভাবে সম্পন্ন হল এই শহরের এক পাঁচতারা হোটেলে। রাজ্য পর্যটন দফতর ও পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড (WBTDCL)-এর যৌথ পরিচালনায় একদিনের এই সম্মেলনে রাজ্যের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও আগামী দিনের রূপরেখা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সম্মেলনের সূচনা করেন রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, পর্যটন শিল্পের টেকসই বিকাশের জন্য সরকার এককভাবে নয়, বরং শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত অংশীদারদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে এগোতে চায়। উদ্যোক্তা থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ আধিকারিক—সবাই এই সম্মেলনে মুক্তভাবে মত বিনিময় করবেন। সেই আলোচনার ভিত্তিতে একটি সমন্বিত রিপোর্ট সরকারের কাছে জমা পড়বে এবং যে সমস্ত সুপারিশ ও পরামর্শ গ্রহণযোগ্য, তা বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিকভাবে উদ্যোগী হবে।
দিনভর সম্মেলনে পর্যটন পরিকাঠামো উন্নয়ন, ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, গন্তব্য বৈচিত্র্য, স্থানীয় মানুষের অংশগ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টি—এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় উত্তরবঙ্গ, সুন্দরবন, উপকূলবর্তী অঞ্চল ও গ্রামীণ পর্যটনের সম্ভাবনাকে আরও কার্যকরভাবে তুলে ধরার উপর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব বরুণ রায়, পর্যটন সচিব সৌমিত্র শঙ্কর সেনগুপ্ত, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের অভিষেক সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ বসু—চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম ও চেয়ারম্যান, ইকো ট্যুরিজম সাব-কমিটি এবং জ্যামলিং তেনজিং—এভারেস্টজয়ী পর্বতারোহী ও চেয়ারম্যান, অ্যাডভেঞ্চার ট্যুরিজম সাব-কমিটি। তাঁদের বক্তব্যে উঠে আসে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল পর্যটনের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা গড়ে তোলার আহ্বান।
প্রায় ৮০ থেকে ১০০ জন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের অংশীদার—হোটেল শিল্প, ট্রাভেল এজেন্সি, অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম সংস্থা, বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞরা—এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষে স্পষ্ট বার্তা উঠে আসে, অংশীদারিত্বের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের পর্যটনকে আরও সুসংগঠিত, প্রতিযোগিতামূলক ও টেকসই রূপ দেওয়াই রাজ্য সরকারের লক্ষ্য।
সব মিলিয়ে, পশ্চিমবঙ্গ পর্যটন অংশীদার সম্মেলন–২০২৬ রাজ্যের পর্যটন শিল্পে নতুন দিশা দেখানোর পাশাপাশি সরকার ও শিল্পের মধ্যে সমন্বয়ের এক দৃঢ় ভিত গড়ে দিল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Published on: ফেব্রু ১২, ২০২৬ at ২০:১১



