যেখান থেকে শেষ, সেখান থেকেই শুরু—সন্তোষ ট্রফিতে বাংলার অধিনায়ক রবি হাঁসদা

Main খেলা দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১৯, ২০২৬ at ২৩:১৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ: গত বছরের সাফল্যের স্মৃতি বুকে নিয়েই নতুন চ্যালেঞ্জে নামছে বাংলা। যেখান থেকে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন আবার শুরু করছেন বাংলার নির্ভরযোগ্য ফুটবলার রবি হাঁসদা। হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে সন্তোষ ট্রফির ফাইনালে কেরালার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটে করা তাঁর একমাত্র গোলেই ভারতসেরা হয়েছিল বাংলা। এবার সেই নায়কই পেলেন দলের অধিনায়কত্বের দায়িত্ব।

বাংলার নেতৃত্বের ভার কাঁধে তুলে পেয়ে আবেগঘন রবি হাঁসদা বলেন,“এটা আমার জন্য ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন স্যার। দলের জন্য মাঠে যতটা নেতৃত্ব দেওয়া যায়, সেটাই আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। এটা সন্তোষ ট্রফি—এখানে সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই। যে ১০০ শতাংশ দেবে, সেই ভালো খেলোয়াড়। আমাদের প্রথম ম্যাচ নাগাল্যান্ডের বিরুদ্ধে। বাংলার দর্শকদের কাছে আবেদন, আপনারা আমাদের বাংলা দলকে সমর্থন করুন।”

এদিকে সন্তোষ ট্রফির পূর্বনির্ধারিত সূচিতে সামান্য পরিবর্তন এসেছে। টুর্নামেন্টের ম্যাচগুলি যা আগে দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা ছিল, তা এখন থেকে শুরু হবে দুপুর দুটোয়।

সন্তোষ ট্রফির মূল পর্বে অংশ নিতে ইতিমধ্যেই অসমের উদ্দেশে রওনা দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন বাংলা দল। রবিবার দুপুরে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিব্রুগড়ের উদ্দেশে উড়ে যায় সঞ্জয় সেনের প্রশিক্ষণাধীন দল। বিমান ছাড়তে কিছুটা বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে ডিব্রুগড়ে পৌঁছায় বাংলা শিবির।

নতুন অধিনায়ক, পুরনো আত্মবিশ্বাস আর চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা—সব মিলিয়ে সন্তোষ ট্রফিতে এবারও বাংলার দিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

Published on: জানু ১৯, ২০২৬ at ২৩:১৮


শেয়ার করুন