নৈহাটির ভোটে নতুন আবেগ, সনৎ দে-কে ঘিরে তৃণমূলের থিম সং ভাইরাল

Main দেশ রাজ্য
শেয়ার করুন

 Published on: মার্চ ১৯, ২০২৬ at ২৩:৫৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, নৈহাটি, ১৯ মার্চ: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নৈহাটিতে রাজনৈতিক আবহে যোগ হল নতুন সুর। আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সনৎ দে-র নাম ঘোষণার পরই প্রকাশ্যে এল দলীয় থিম সং, যা ইতিমধ্যেই স্থানীয় মানুষের মধ্যে সাড়া ফেলেছে।

নৈহাটিবাসীর কাছে পরিচিত মুখ সনৎ দে অল্প সময়ের মধ্যেই বিধায়ক হিসেবে নিজের কাজের ছাপ রেখেছেন। সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যাওয়ার ক্ষমতা এবং প্রশাসনিক কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। ফলে, তাঁকে ফের প্রার্থী করা হবে—এমন প্রত্যাশা আগেই ছিল। অবশেষে সেই প্রত্যাশাতেই সিলমোহর দেয় দলীয় নেতৃত্ব।

চার মিনিটের এই থিম সংটি লিখেছেন ও সুর করেছেন সৈকত ঘোষ, আর গেয়েছেন রুদ্র সরকার। গানটিতে নৈহাটির শিল্প, সংস্কৃতি, সাহিত্য এবং সম্প্রীতির চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি সনৎ দে-র সঙ্গে সাধারণ মানুষের আত্মিক সম্পর্ককেও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে গানের কথায়। গীতিকার ও শিল্পীর যৌথ প্রয়াসে গানটি ইতিমধ্যেই প্রচারে এক নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন পার্থ ভৌমিক। পরবর্তীতে তাঁকে বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হলে তিনি সাংসদ নির্বাচিত হন। ফলে নৈহাটিতে উপনির্বাচন হয় এবং সেখানে জয়ী হন সনৎ দে। এর আগে তিনি নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পারিষদ হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে করোনাকালে তাঁর ভূমিকা আজও মানুষের মনে গেঁথে রয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবেই সনৎ দে-কে ফের প্রার্থী করা হয়েছে। ইতিমধ্যেই তিনি জোরকদমে প্রচার শুরু করেছেন। সেই প্রচারে এই থিম সং যেন নতুন করে উদ্দীপনা জুগিয়েছে কর্মী-সমর্থকদের মধ্যে।

গানটির কথায় যেমন নৈহাটির উন্নয়ন, তেমনি উঠে এসেছে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং সম্প্রীতির বার্তা। রাজনৈতিক বার্তার পাশাপাশি আবেগের ছোঁয়াও রয়েছে প্রতিটি লাইনে, যা সহজেই মানুষের মনে জায়গা করে নিচ্ছে।

নৈহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের থিম সংএর সম্পূর্ণ কথা:

আলোর শহর, প্রাণের শহর, আমার শহর নৈহাটি
শিল্প আর সংস্কৃতির পীঠস্থান নৈহাটি
সম্প্রীতি আর উন্নয়নে এই শহরে
সনৎদা আছে তাই হৃদয় জুড়ে

চকচকে অলিগলি ঝলমলে আলো
নতুন রূপে নৈহাটিকে বলো কে সাজাল?
কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী আমার
মানুষের পাশে মানুষের সরকার

আমফান আর করোনায় পাশে ছিল কে?
কাজের মানুষ কাছের মানুষ প্রিয় সনৎ দে।
কথায় নয় কাজে দাদা করে দেখান
উন্নয়নই মন্ত্র তার জয়ের সোপান

এবার ভোটে জিতবে কে?
সনৎ দে আবার কে।
এবার ভোটে জিতছে কে?
আমাদেরই সনৎ দে।

সেজে-গুজে গোদি মিডিয়ায় কুৎসা যত করবি,
রাজনীতির ময়দানে ধুয়ে-মুছে যাবি।
উন্নয়নের জোয়ারে যাবি তোরা ভেসে
কুৎসাগুলো ফুল হয়ে ফুটবে দিদির দেশে

অনেক অনেক বাঙালিকে করিস অপমান-
ধর্মভেদের চক্রান্তে তোদের ভাসান।
এসআইআর-এর নামে যত ষড়যন্ত্র
মানুষই জবাব দেবে এটা গণতন্ত্র।

সম্প্রীতি আর উন্নয়নে এই বাংলায়
তৃণমূল আছে তাই মানুষের জয়।
স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, যুবসাথী আমার
জনমুখী প্রকল্পে দিদির সরকার।

পাড়ায় হচ্ছে এখন পাড়ায় সমাধান
সনৎ দে মানে যেন মুশকিল আসান।
তাই মা-মাটি-মানুষের সরকার আবার
নৈহাটি পাবে তার নব রূপকার।

Published on: মার্চ ১৯, ২০২৬ at ২৩:৫৯


শেয়ার করুন