
Published on: অক্টো ২১, ২০২৬ at ১৯:৪১
এসপিটি নিউজ, কলকাতা, ২১ অক্টোবর: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে উদযাপিত হলো ‘লালন সাঁইয়ের তিরোধান দিবস-২০২৬’। এই উপলক্ষে উপ-হাইকমিশনের ‘বাংলাদেশ গ্যালারি’ প্রাঙ্গণে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মোঃ খালেদ।
অনুষ্ঠানের শুরুতে লালন সাঁইয়ের জীবন, গান ও দর্শন নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে তাঁর মানবতাবাদী চিন্তাধারা এবং ধর্ম, বর্ণ, গোত্র ও জাতপাতের বিভেদ পেরিয়ে মানুষকে সবচেয়ে বড় করে দেখার শিক্ষা। আলোচকরা বলেন, মানুষের মধ্যে ভেদাভেদ ও অসহিষ্ণুতা দূর করতে লালন সাঁইয়ের দর্শন আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর গান ও জীবনদর্শন মানুষকে মানবতা, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং মানবধর্মের চর্চায় ফকির লালন সাঁইয়ের গানের গুরুত্ব তুলে ধরা হয়। তাঁর গানের মধ্য দিয়ে মানুষের অন্তর্নিহিত সত্তা, মানবিক মূল্যবোধ এবং বিভেদহীন সমাজের বার্তা উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে লালন সাঁইয়ের তিরোধান দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি তথা কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মোঃ খালেদ।
লালন সাঁইয়ের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান তাঁর মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা এবং মানুষের প্রতি ভালোবাসার বার্তাকে নতুন করে স্মরণ করার সুযোগ করে দেয়। (ছবিঃ এআই জেনারেটেড)
Published on: অক্টো ২১, ২০২৬ at ১৯:৪১




