

Published on: ফেব্রু ১৩, ২০২৬ at ১৮:৫৮
এসপিটি নিউজ : গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের পবিত্র তিথিতে দোলের আবিরে মিশে যাচ্ছে ভক্তির রঙ। ইসকন শ্রীধাম মায়াপুরে এই বছর ৩রা মার্চ এক অনন্য আধ্যাত্মিক সমাপতনে রূপ নিচ্ছে—যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম আবির্ভাব উৎসব ও দোল পূর্ণিমার আনন্দ একসঙ্গে প্রবাহিত হচ্ছে। আগেভাগেই শুরু হয়ে যাওয়া দোল উৎসবের আবিরের রেশে, সংকীর্তন, প্রার্থনা ও গৌরনামের স্রোতে মেতে উঠেছে মায়াপুর—যেন ভক্তি, প্রেম ও মানবকল্যাণের এক রঙিন মহোৎসব।
এই মহোৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে বিশ্ব বৈষ্ণব সম্মেলন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা (৭২ কিমি), বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকা বিহার, বহুভাষায় ভাগবত পাঠ, সেমিনার, বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ভক্তদের দ্বারা ভজন-কীর্তন, মনোমুগ্ধকর নাটক, সঙ্গীত, দৃষ্টি-নন্দন প্রদর্শনী, গঙ্গা পূজা, গৌরনিতাই ও রাধামাধবকে কেন্দ্র করে বিশেষ সংকীর্তন শোভাযাত্রা। পাশাপাশি সরকারি সহযোগিতায় মন্দির চত্বর পরিক্রমা ও বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।
ইসকন শ্রীধাম মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই মহোৎসবে প্রবেশ সম্পূর্ণ অবাধ। উৎসব উপলক্ষে মায়াপুর মন্দির চত্বর ও আলোকসজ্জা নতুন রূপে সজ্জিত করা হয়েছে। নিরাপত্তার দিকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আয়োজকদের আশা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫,০০০ বিদেশি ভক্ত এবং মোট প্রায় ১৫,০০০ ভক্ত নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশ নেবেন। দেশ-বিদেশের লক্ষাধিক ভক্তসমাগমে মায়াপুর এখন সত্যিকার অর্থেই হয়ে উঠেছে এক “Mini World”।
বিশেষভাবে উল্লেখযোগ্য, হাজার হাজার জীবজন্তু ও পাখি রক্ষায়ও নেওয়া হয়েছে মানবিক উদ্যোগ, যা এই উৎসবের সার্বজনীন ও করুণাময় দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে।
৩ মার্চ মঙ্গলবার ২০২৬, শ্রীচৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে। এদিন উপবাস, দোল পূর্ণিমা, সর্বত্র রঙ ও আনন্দের আবির—সব মিলিয়ে উৎসবের চূড়ান্ত রূপ দেখা যাবে। যদিও ইসকন মন্দিরে রঙ ও আবিরের খেলা হয় না, তবু বহিরাঙ্গনে কীর্তনানন্দে মেতে উঠবে ভক্তসমাজ। জানান জনসংযোগ আধিকারিক।
উৎসব চলাকালীন প্রতিদিনই ব্যস্ত সূচিতে চলবে সাধনা ও ভক্তি কার্যক্রম। সকালে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ এবং বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য প্রার্থনার মধ্য দিয়ে প্রতিটি দিনের সূচনা হবে।
বিস্তারিত কর্মসূচি:
- ১৪ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৬: কীর্তন মেলা
- ১৯ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬: নবদ্বীপ মণ্ডল পরিক্রমা
- ২৮ ফেব্রুয়ারি ২০২৬: শান্তিপুরে শ্রীমাধবেন্দ্র পুরীপাদের স্মরণ উৎসব
ভক্তি, প্রেম ও মানবতার বার্তা নিয়ে এই মহোৎসব যেন আজকের অশান্ত বিশ্বে এক গভীর শান্তির আলোকবর্তিকা—এমনটাই বিশ্বাস ভক্ত ও আয়োজকদের।
Published on: ফেব্রু ১৩, ২০২৬ at ১৮:৫৮



