হোলির টানে ভারত—উদয়পুরে আন্তর্জাতিক পর্যটক অনুসন্ধান বেড়েছে রেকর্ড ৪৫৯ শতাংশ

Main দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৫, ২০২৬ at ২২:০৪

এসপিটি ডিজিটাল ডেস্ক: হোলি যতই এগিয়ে আসছে, ততই রঙের খেলাকে ছাপিয়ে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আবহে ডুবে যাওয়ার আগ্রহ বাড়ছে আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে। ভারতের অন্যতম জনপ্রিয় ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম Agoda-র সাম্প্রতিক সমীক্ষা বলছে, ২০২৬ সালের হোলি ঘিরে বিদেশি পর্যটকদের ভ্রমণ অনুসন্ধান অভূতপূর্ব হারে বেড়েছে। এই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে NDTV Travel পেজে।

Agoda-র তথ্য অনুযায়ী, রাজকীয় ঐতিহ্য, মন্দিরকেন্দ্রিক উৎসব ও সম্প্রদায়ভিত্তিক উদযাপনের জন্য পরিচিত শহরগুলিতেই পর্যটকদের আগ্রহ সবচেয়ে বেশি। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান ও দক্ষিণ কোরিয়ার ভ্রমণকারীরা এবার হোলি উদযাপনের জন্য ভারতে আসতে বিশেষভাবে উৎসাহী।

সমীক্ষায় দেখা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে অনুসন্ধানের নিরিখে উদয়পুরে আগ্রহ বেড়েছে ৪৫৯ শতাংশ, আর জয়পুরে বৃদ্ধি ১৯১ শতাংশেরও বেশি। যদিও দেশীয় ভ্রমণ অনুসন্ধানে রাজস্থান শীর্ষে, সেখানে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে আগ্রহ বেড়েছে মাত্র ৪৩ শতাংশ—তালিকাভুক্ত শহরগুলির মধ্যে যা সবচেয়ে কম।

রাজকীয় শহর জয়পুরে গত বছরের তুলনায় আবাসন অনুসন্ধান বেড়েছে ২৮২ শতাংশ। প্রাসাদ-কেন্দ্রিক হোলি উদযাপন ও অম্বর ফোর্টের মতো ঐতিহাসিক স্থাপনার সঙ্গে উৎসবের যোগ শহরটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। একইভাবে, হ্রদঘেরা শহর উদয়পুরে আগ্রহ বেড়েছে ২৩৩ শতাংশ। বুটিক ও ঐতিহাসিক হোটেলে আয়োজিত হোলি সমাবেশ পর্যটকদের টানছে।

পুষ্করে অনুসন্ধান বেড়েছে ১৯৫ শতাংশ। পুষ্কর লেকে ও ৫২টি ঘাটজুড়ে সম্প্রদায়কেন্দ্রিক হোলি উদযাপন সংস্কৃতিমনস্ক পর্যটকদের কাছে বড় আকর্ষণ।

মন্দির শহরগুলিতেও হোলি পরিকল্পনার চাহিদা তুঙ্গে। বৃন্দাবনে ফুলের হোলি, ভজন ও আধ্যাত্মিক আচার ঘিরে আগ্রহ বেড়েছে ১২৬ শতাংশ। মথুরায় ১০৯ শতাংশ বৃদ্ধি রেকর্ড হয়েছে—ভগবান কৃষ্ণের জন্মভূমিতে হোলি উপভোগ করতে চান বহু পর্যটক। কর্ণাটকের ঐতিহাসিক শহর হাম্পিতেও ১২৮ শতাংশ বৃদ্ধি দেখা গেছে, যেখানে ইউনেস্কো তালিকাভুক্ত ধ্বংসাবশেষ হোলির সময় রঙিন সমাবেশস্থলে পরিণত হয়।

Agoda-র ভারতীয় উপমহাদেশ ও ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের কান্ট্রি ডিরেক্টর গৌরব মালিক জানিয়েছেন, হোলি এখন দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ মুহূর্ত। তাঁর কথায়, ভারতের সাংস্কৃতিক উৎসবগুলি বিশ্ব দরবারে দেশের পর্যটন আকর্ষণ আরও শক্তিশালী করছে—বিশেষত মন্দির শহর ও ঐতিহ্যবাহী নগরগুলিতে, যেখানে পর্যটকরা স্থানীয় রীতি ও সংস্কৃতিকে ঘিরে ছুটির পরিকল্পনা করছেন।

Published on: ফেব্রু ২৫, ২০২৬ at ২২:০৪


শেয়ার করুন