
আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, জারি বিশেষ বুলেটিন

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ মে: ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর কলকাতা আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র রবিবার একটি বিশেষ বুলেটিন জারি করে জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় সৃষ্ট উপরের স্তরের ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। এছাড়াও দক্ষিণ বিহার থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গে কোথায় কতটা প্রভাব?
২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হয়নি।
গত ২৪ ঘণ্টায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিম্পংয়ের ঝালং এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
২৭ থেকে ২৯ মে-র মধ্যে কিছু জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায় প্রভাব বেশি হতে পারে।
অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলা— পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
প্রশাসনের সতর্কতা
আবহাওয়া দফতর নাগরিকদের বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে। ভারী বৃষ্টির ফলে জল জমা, যানজট এবং দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। কৃষিজমি ও ফসলের ক্ষতির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে বিশেষ বুলেটিনে।



