ভেন্যু বদল নয়—টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ার মুখে বাংলাদেশ

Main খেলা দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: জানু ২১, ২০২৬ at ২২:৫৭

এসপিটি  ডিজিটাল ডেস্ক : আইসিসি মেনস টি-২০ বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে বড়সড় অনিশ্চয়তার মুখে বাংলাদেশ ক্রিকেট। ভারতে নির্ধারিত ম্যাচগুলির ভেন্যু বদলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ সম্মতি না জানালে দল বদলের দিকেও এগোতে পারে আইসিসি—এমন ইঙ্গিত মিলেছে সংস্থার অন্দরমহলের সূত্রে।

আইসিসি সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশের তরফে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে অনীহার কথা জানানো হয়েছিল। প্রস্তাব ছিল— হয় ম্যাচগুলি সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরানো হোক। নয়তো গ্রুপ ও সূচি পুনর্বিন্যাস করা হোক। কিন্তু আইসিসির অবস্থান একেবারেই কঠোর।

আইসিসির এক শীর্ষ আধিকারিকের দাবি, “ভারতের নির্ধারিত ভেন্যুগুলিতে নিরাপত্তা নিয়ে কোনও নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকির তথ্য আমাদের কাছে নেই। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নেও সবুজ সংকেত মিলেছে।”

আইসিসি মনে করছে, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ভেন্যু বা সূচি বদল করলে পুরো প্রতিযোগিতার লজিস্টিক কাঠামো ভেঙে পড়বে। সম্প্রচার, টিকিট, স্পনসর ও দলগুলির প্রস্তুতিতে বড় ধাক্কা লাগবে। ভবিষ্যতে আইসিসি ইভেন্ট পরিচালনায় ভুল নজির তৈরি হবে। এই কারণেই বাংলাদেশের আবেদন কার্যত খারিজ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এখনও তাদের অবস্থান থেকে পুরোপুরি সরে আসেনি। বোর্ডের অন্দরমহলের বক্তব্য, খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। অতীতে রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ভেন্যু বদলের নজির রয়েছে। তাই এই ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে। তবে আইসিসি স্পষ্ট করে দিয়েছে—বিশেষ ছাড়ের প্রশ্নই নেই।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, আইসিসি সূত্র জানাচ্ছে—বাংলাদেশকে শেষ সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভারতে খেলতে সম্মতি না জানালে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে স্কটল্যান্ডকে সম্ভাব্য বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন পড়লে দ্রুত তাদের অন্তর্ভুক্ত করে গ্রুপ ও সূচি চূড়ান্ত করা হবে।

এই ইস্যু এখন আর শুধুই ক্রিকেটে সীমাবদ্ধ নেই। আঞ্চলিক কূটনৈতিক টানাপোড়েন। দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতি, খেলাধুলায় নিরাপত্তা বনাম প্রতিযোগিতার ভারসাম্য—
সব মিলিয়ে বিষয়টি আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সিদ্ধান্ত যাই হোক না কেন, আইসিসি বিশ্বকাপ পরিচালনায় এক কঠোর ও অনমনীয় বার্তা দিতে চলেছে।

বাংলাদেশ শেষ পর্যন্ত মাঠে নামবে, নাকি ইতিহাসে প্রথমবার টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে? চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

Published on: জানু ২১, ২০২৬ at ২২:৫৭


শেয়ার করুন