
হায়াত রিজেন্সিতে এক ছাদের তলায় ৫০০-রও বেশি পর্যটন ব্যবসায়ী, দেশ-বিদেশের ট্যুরিজম বোর্ড, ট্যুর অপারেটর ও হোটেল শিল্পের প্রতিনিধিরা— লক্ষ্য একটাই, বাংলাকে ঘিরে নতুন ব্যবসার দিগন্ত উন্মোচন।

Published on: জুলা ১, ২০২৬ at ১৭:১৩
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ,কলকাতা, ১ জুলাই :বাংলার পর্যটনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালীভাবে তুলে ধরার লক্ষ্যে আগামী ৯ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) কলকাতার হায়াত রিজেন্সি-তে অনুষ্ঠিত হতে চলেছে ‘কানেক্ট বেঙ্গল ৫’। টানা পাঁচ বছর ধরে এই বিশেষ B2B (Buyer-Seller Meet) পর্যটন সম্মেলনের আয়োজন করে আসছে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (TAAB)। এবারের আসরও হতে চলেছে আগের তুলনায় আরও বৃহৎ ও আন্তর্জাতিক মানের।
TAAB-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত মাজি এসপিটি-কে এক বিবৃতিতে জানিয়েছেন, এবারের অনুষ্ঠানে ৫০০-রও বেশি ভ্রমণ ও পর্যটন ব্যবসায়ী অংশ নেবেন। যদিও প্রদর্শনীর জন্য থাকবে প্রায় ৬০ থেকে ৭০টি স্টল। এই আয়োজন মূলত একটি B2B ব্যবসায়িক প্ল্যাটফর্ম, যেখানে শুধুমাত্র পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ক্রেতা ও বিক্রেতারাই অংশ নেবেন।
প্রশান্ত মাজির কথায়, বাংলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরাই এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য। একই সঙ্গে দেশের বিভিন্ন রাজ্য এবং বিদেশ থেকে আগত পর্যটন ব্যবসায়ী, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, হোটেল ও রিসর্ট সংস্থাগুলিরও মূল উদ্দেশ্য একটাই— বাংলাকে কেন্দ্র করে নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং পর্যটনের বাজার সম্প্রসারণ করা।
বর্তমানে দেশের একাধিক রাজ্য পর্যটন দফতর, আন্তর্জাতিক ও জাতীয় পর্যটন সংস্থা, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (DMC), ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, হোটেল-রিসর্ট, হোমস্টে, অ্যাডভেঞ্চার ও ওয়েলনেস ট্যুরিজম সংস্থা থেকে শুরু করে পরিবহণ, ক্রুজ এবং এয়ারলাইনস শিল্পের প্রতিনিধিদের কাছে বাংলার পর্যটন বাজার বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেই সম্ভাবনাকেই আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ‘কানেক্ট বেঙ্গল ৫।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই পূর্ণদিবসের Buyer-Seller Meet-এ ১০০-রও বেশি পর্যটন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজ্যের পর্যটন বোর্ড, সরকারি দফতর, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, হোটেল, রিসর্ট, হোমস্টে এবং MICE, ওয়েলনেস ও অ্যাডভেঞ্চার ট্যুরিজম-সহ বিশেষায়িত পর্যটন ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেবেন।
TAAB-এর প্রকাশিত ব্রোশিয়র অনুযায়ী, এই আয়োজনের মূল লক্ষ্য হল দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা ও বিক্রেতাদের একত্রিত করে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করা, পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণকারীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা। সংগঠনের মূল বার্তা— “Networking, Global Reach & Growth”।
এবারের সম্মেলনে ভারতের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে ১০০-রও বেশি হোস্টেড বায়ার, ৪০০-রও বেশি TAAB-সদস্য ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর, অন্যান্য ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রতিটি প্রদর্শকও সম্ভাব্য ক্রেতা হিসেবে ব্যবসায়িক আলোচনায় অংশ নিতে পারবেন, যা এই আয়োজনকে আরও কার্যকর করে তুলবে।
পর্যটন বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে ভারতের অন্যতম সম্ভাবনাময় পর্যটন বাজার হিসেবে পশ্চিমবঙ্গকে ঘিরে আগ্রহ দ্রুত বাড়ছে। পাহাড়, সমুদ্র, জঙ্গল, ঐতিহ্য, ধর্মীয় পর্যটন থেকে শুরু করে সংস্কৃতি— সব মিলিয়ে বাংলার বহুমাত্রিক পর্যটন সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরার ক্ষেত্রে ‘কানেক্ট বেঙ্গল ৫’ হতে পারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শুধু ব্যবসা নয়, নতুন বিনিয়োগ, অংশীদারিত্ব এবং পর্যটনের মাধ্যমে বাংলার অর্থনীতিকে আরও গতিশীল করার ক্ষেত্রেও এই সম্মেলনের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
Published on: জুলা ১, ২০২৬ at ১৭:১৩



