বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক তপন দাম প্রয়াত

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২৮, ২০২৫ at ২৩:২২

এসপিটি নিউজ , কলকাতা, ২৮ জুলাই: বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক তপন দাম (৭৫) প্রয়াত। সোমবার বিকালে শিয়ালদা’তে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্ত্রী’ কে রেখে গেলেন তিনি। উল্লেখ্য, প্রায় ৪৫ বছরেরও বেশি সময় ধরে ওতঃপ্রোতভাবে যুক্ত ছিলেন তিনি। ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে সত্তরের দশকের শেষ দিকেই যাত্রা শুরু ও আশির দশকে বিভিন্ন খেলার ম্যাগাজিনে লেখালেখি যেমন করেছেন, তেমনই দীর্ঘদিন কাজ করেছেন যুগান্তর, সংবাদ প্রতিদিন – এর মতো দৈনিক কাগজেও। কর্ম জীবনের  আকাশবাণীর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ।

নামী খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন খেলার কর্মকর্তাদের সঙ্গে তপন দামের নিবিড় যোগাযোগ ছিল। শুধুমাত্র খবরের আদান প্রদান বা ভালো খবরের – “স্কোর” করা নয়, ময়দানের প্রত্যেকের কাছেই সদাহাস্যময় মানুষ ছিলেন তিনি।  সর্বদা চেষ্টা করতেন অপরকে সাহায্যের, মানুষের উপকারী ছিলেন। সব বয়সের মানুষের কাছেই নিকট বন্ধুর মত অধিক পরিচিতি।

প্রসঙ্গতঃ ক্যালকাটা স্পোর্স্টস জার্নালিস্ট ক্লাব তথা (সি এস জে সি) – র সঙ্গেও তপন দামের সম্পর্ক দীর্ঘদিনের। ক্লাবের সচিব হিসেবে যেমন গুরুদায়িত্ব সামলেছেন, ঠিক তেমনই সহ – সভাপতি পদেও নির্বাচিত হন। সিএসজেসির কার্যকরী কমিটিতেও ছিলেন দীর্ঘদিন। তপন দামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। সেই সঙ্গে তার পরিবারকেও সকল ক্রীড়া সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকেও গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন সতীর্থরা। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, বেশ কিছুদিন ধরেই বাড়িতে অসুস্থতার মধ্যেই ছিলেন।

নিমতলা মহাশ্মশানে এদিন সন্ধ্যায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় এবং শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দেহ দান করেন তিনি। যদিও শেষ পর্যন্ত নথিপত্রের অভাবেই এদিন দাহ করা হয়েছে তাঁর মরদেহ। প্রবল বৃষ্টিতে সবুজ মাঠে ঘুরতে ভালোবাসতেন সবার প্রিয় তপন দাম। ময়দানে খেলা চলার সময়, প্যান্ট গুটিয়ে কাদার মধ্যে দিয়ে তাঁর হেঁটে চলার ছবিটা থেকে যাবে চিরকাল। তাই বোধহয় তাঁর চলে যাওয়ার দিনেও এমন আকাশ কাঁপানো বৃষ্টি।

প্রয়াত তপন দামের প্রয়াণে কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হহয়েছে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। এদিন এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক।

Published on: জুলা ২৮, ২০২৫ at ২৩:২২


শেয়ার করুন