বাড়িতে তারামায়ের পুজো করছেন সেবাইত প্রবোধ বন্দ্যোপাধ্যায়

Main দেশ ধর্ম রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ২০, ২০২৫ at ২১:৩৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, তারাপীঠ, ২০ অক্টোবর : দীর্ঘ কয়েক পুরুষ ধরে বাড়িতে কুলোদেবী হিসাবে তারামায়ের পুজো করে আসছেন তারাপীঠের সেবাইত প্রবোধ বন্দ্যোপাধ্যায় পরিবার। তারাপীঠ মন্দিরের নিকটেই নিজের বাড়িতেই গড়ে তুলেছেন তারামায়ের অসাধারণ মন্দির। আজ তারাপীঠ মন্দিরের পাশাপাশি নিজের বাড়িতে তারামায়ের পুজো করছেন। এখানেও এদিন মাকে রাজবেশে সাজানো হয়েছে।

তারাপীঠ নিয়ে গবেষনা করে চলেছেন লেখক, সাহিত্যিক এবং তারাপীঠ মন্দিরের সেবাইত প্রবোধ বন্দ্যোপাধ্যায়। লিখেছেন ‘তীর্থভূমি তারাপীঠ’ এক অসামান্য প্রামাণ্য গ্রন্থ। যেখানে তিনি তারাপীঠের ইতিহাস থেকে শুরু করে তারামায়ের প্রতিষ্ঠা ও তাঁর ইতিহাস নিয়ে মূল্যবান তথ্য তুলে ধরেছেন।

প্রবোধবাবু বলেন- “ চিরাচরিতপ্রথা অনুযায়ী চিন্ময়ী জ্ঞানে মৃন্ময়ী দেবী মূর্তির পূজা উত্তরাধিকার সূত্রে তারাপীঠের স্থায়ী বাসিন্দা ও তারামায়ের সেবাইত পুরোহিত ও পান্ডা সমাজ করেন না। দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারা। তারাপীঠে তারামায়ের আবির্ভাবের পর থেকেই কালী, দুর্গা, জগদ্ধাত্রী, নীল সরস্বতী ইত্যাদি বিভিন্ন দেবীর সাথে তারামায়ের অভেদ কল্পনা করে সেই সমস্ত দেবীর পুজো তারামায়ের ধ্যানময়ী মূর্তিতে হয়। অষ্টাদশ শতাব্দীর প্রথম দশক থেকে ঢেকার রাজা রামজীবনের তৈরি তারামায়ের মন্দির থেকে তারামায়ের উপর বিভিন্নদেবী মুর্তির পুজো দেওয়ার পদ্ধতি শুরু হয়। তখন থেকেই কালীমা রূপে তারা পূজিতা হয়ে আসছেন। সেই প্রথা এখনও চলে আসছে।”

আর সেই রীতি মেনেই নিজের বাড়িতেও প্রবোধ বন্দ্যোপাধ্যায় তারামাকে কালীমা রূপে পুজো করে আসছেন। দীর্ঘ কয়েক পুরুষ ধরেই এই পুজো হয়ে আসছে তাদের বাড়িতে। তবে , বাড়িতে একেবারে চারতলায় সুন্দর এক মন্দির গড়া হয়েছে। এই মন্দিরটি এই বছরেই হয়েছে। আজ তারামাকে কালীরূপেই পুজো করা হচ্ছে। এখানে মাকে ভোগ অর্পণ করা হবে। দেড়শো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান প্রবোধবাবু।

Published on: অক্টো ২০, ২০২৫ at ২১:৩৬


শেয়ার করুন