কলকাতায় পর্যটন ক্ষেত্রের বৃহত্তম বসন্ত উৎসব কাল, উদ্যোগে এটিএসপিবি

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, কলকাতা, ১ মার্চ: কলকাতার পর্যটন জগতে বসন্তের আমেজ আরও একবার ফিরতে চলেছে। আগামীকাল, ২ মার্চ ২০২৬, কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে শহরের পর্যটন ক্ষেত্রের সবচেয়ে বড় ‘বসন্ত উৎসব’। এই বিশেষ অনুষ্ঠানের মূল আয়োজক অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল (এটিএসপিবি)।

বিগত বছরগুলির মতো এবারও বসন্ত উৎসবকে ঘিরে পর্যটন ও ভ্রমণ ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। বসন্তের আনন্দ, পর্যটনের সম্ভাবনা এবং বাঙালি সংস্কৃতির মেলবন্ধন—সব মিলিয়েই এই অনুষ্ঠানকে ঘিরে আগ্রহ তুঙ্গে।

এক প্রেস বিবৃতিতে এটিএসপিবি-র যুগ্ম সচিব স্বরূপ ভট্টাচার্য জানান, এই বসন্ত উৎসবে বাঙালি সংস্কৃতি ও লোক ঐতিহ্যের এক প্রাণবন্ত উদযাপন তুলে ধরা হবে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাঙালি মহিলাদের লোকসঙ্গীত ব্যান্ড রঙ্গিলা নাও-এর বিশেষ পরিবেশনা।

এর পাশাপাশি মঞ্চ মাতাবে বালি ময়ূরী নৃত্য সংস্থা এবং নিত্যাঙ্গন ড্রিম ড্যান্স একাডেমি-এর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানের সূচনালগ্নে সুরের আবহ তৈরি করবে সুরের জ্যোতি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান-এর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা।

এই বসন্ত উৎসবের মাধ্যমে ভারতীয় লোকসঙ্গীতের সারমর্ম ও বসন্তের চেতনা আন্তর্জাতিক পর্যটকদের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ ঐশ্বর্য বিশ্বদরবারে নতুন করে তুলে ধরা হবে বলে আশাবাদী আয়োজকেরা।

উল্লেখযোগ্যভাবে, এটিএসপিবি শুধু পর্যটন ও ভ্রমণ ব্যবসার সঙ্গেই যুক্ত নয়—সারা বছর ধরেই তারা বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়। দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী দান থেকে শুরু করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই সংগঠন।

বসন্ত উৎসবের আয়োজনের মধ্য দিয়ে এটিএসপিবি নতুনকে গ্রহণ করার, রঙিনভাবে জীবন ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চায়। বসন্তের ছোঁয়ায় পর্যটন, সংস্কৃতি ও মানবিকতার এই মিলনই আগামীকালের অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে উঠতে চলেছে।


শেয়ার করুন