

Published on: আগ ৩, ২০২৫ at ১১:৪১
এসপিটি নিউজ, মায়াপুর (নদিয়া), ৩ আগস্ট: ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্ব ব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ঝুলন যাত্রা উৎসব পালন করা হবে।এবছর ৫ আগষ্ট ২০২৫ মঙ্গলবার থেকে ৯ আগষ্ট ২০২৫ শনিবার পর্যন্ত এই পাঁচদিন ব্যাপী মহাসমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ৪১ তম ঝুলন ও রাখী পূর্ণিমা উৎসব পালন করা হবে। বিকাল ৫ টায় চন্দ্রোদয় মন্দির থেকে শ্রীশ্রী রাধামাধবকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে ঝুলন মন্ডপে নিয়ে যাওয়া হবে। রাত্রি ৯টা পর্যন্ত চলবে ভোগ-রাগ,সন্ধ্যা আরতি,কীর্তন,দীপ দান,হিন্দোল ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনামূল্যে প্রসাদ বিতরণ ইত্যাদি কার্যক্রম।দেশ বিদেশের বহু ভক্তবৃন্দ এই ঝুলন যাত্রা উৎসব অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করবেন বলে আশা করি,কঠোর করা হবে নিরাপত্তা ব্যবস্থা।
ইসকন, শ্রীমায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, “শ্রাবণ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত চলে ঝুলন যাত্রা উৎসব। বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমলীলা কে কেন্দ্র করে দ্বাপর যুগে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল।পুরান অনুসারে শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ঈশ্বরের অবতার রুপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ ও রাধারানীর যে মাধুরী ও প্রেম প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল,তারই লীলা স্বরূপ ঝুলন যাত্রা পালিত হয়। রাধা কৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান-প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন,আর সেই লীলার নানা রূপ এই যুগে ঝুলনযাত্রায় পরিবেশিত হয়। তবে বর্তমানে কালের বিবর্তনে এর বিকৃত রূপ পরিলক্ষিত হচ্ছে,ঝুলন যাত্রা কোনো সাধারণ মানব মানবীর প্রেম লীলা নয়।“
“এবছর নিত্যানন্দ কুঠিরের পাশে বিস্তীর্ণ জায়গায় এই কৃত্রিম ঝুলন মণ্ডপটি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর,সুশীতল ছায়াণীড়,ফুল-ফলে ভরা,বনরাজিতে সুসজ্জিত মনোমুগ্ধকর আলোক মালা ও কৃত্রিম ফোঁয়ারার ঐক্যতানে আপনাকে পৌঁছে দেবে অন্য এক অপ্রাকৃত জগতে। প্রত্যক্ষ দর্শন না করলে এর অপার মহিমা বোঝা কঠিন। মনের মণিকোঠায় ভেষে উঠবে পরমেশ্বর ভগবান রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার অপ্রাকৃত ছবি।ঝুলন প্রেমের উৎসব,মিলনের উৎসব,পরমাত্মার সঙ্গে জীবাত্মার মহামিলনের উৎসব।পরস্পরকে আপন করে নেওয়ার উৎসব।ঝুলন ও রাখী পূর্ণিমা উৎসব দেশভক্তি,দেশপ্রেম ও আধ্যাত্মিক বিকাশ সাধনের উৎসব।পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা জানাই ঝুলন ও রাখীপূর্ণিমা উৎসব প্রসারিত হোক সমাজ জীবনের প্রতিটি কোনে কোনে।বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হোক প্রেম,মৈত্রী,ভালোবাসা,দৃঢ় হোক মানব মেলবন্ধন।“ জানিয়েছেন ইসকন, শ্রীমায়াপুরের জনসংযোগ আধিকারিক।
আরও জানানো হয়েছে যে এবছর ৫ আগষ্ট ২০২৫ মঙ্গলবার বিশেষ ভাবে বলরাম জয়ন্তী পালন করা হবে।
Published on: আগ ৩, ২০২৫ at ১১:৪১



