আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের জয়জয়কার, ঝুলিতে ৫ পদক

Main দেশ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

দুটি সোনা, দুটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতে দেশের মুখ উজ্জ্বল করল পাঁচ কৃতী পড়ুয়া। থাইল্যান্ডে আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক জুনিয়র জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা অলিম্পিয়াডে এই সাফল্য ভারতের।

Published on: নভে ১০, ২০২৬ at ১১:৩৭

এসপিটি নিউজ, কলকাতা, ১০ নভেম্বর: আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্যের নজির গড়ল ভারতের খুদে বিজ্ঞানীরা। থাইল্যান্ডে আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক জুনিয়র জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা অলিম্পিয়াডে (IOAA-Jr.) ২০২৬-এ মোট পাঁচটি পদক জিতেছে ভারতের প্রতিযোগীরা। এর মধ্যে রয়েছে দুটি স্বর্ণপদক, দুটি রৌপ্যপদক এবং একটি ব্রোঞ্জপদক।

২০২৬ সালের ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত থাইল্যান্ডের উবন রাতচাথানি শহরে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভারতের হয়ে স্বর্ণপদক পেয়েছে পুদুচেরির আদিত্য বিদ্যাশ্রম রেসিডেন্সিয়াল স্কুলের সিদ্ধার্থ লক্ষ্মীশা এবং গুজরাতের ওয়াধওয়ানের স্কুল অব এক্সেলেন্সের স্বরা শ্রুজল প্যাটেল। রাজস্থানের কোটা শহরের মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলের আর্না চাপলোট এবং বাগড়ের কে এস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির কৃষ ভাস্কর রৌপ্যপদক অর্জন করেছে। অন্যদিকে মহারাষ্ট্রের লর্ডস পাবলিক স্কুলের অক্ষরা গুলাব আম্বোনে ব্রোঞ্জপদক জিতে দেশের সাফল্যের তালিকায় নতুন সংযোজন করেছে।

গত ২ নভেম্বর উবন রাতচাথানি বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের রাজকুমারী মহা চাক্রি সিরিন্ধর্ন। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ২৫টি দেশের মোট ১০৪ জন পড়ুয়া অংশগ্রহণ করে। তাঁদের সঙ্গে ছিলেন ৫৩ জন দলনেতা ও পর্যবেক্ষক।

মূলত ১৬ বছরের কম বয়সি স্কুলপড়ুয়াদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা বিষয়ে আগ্রহ, জ্ঞান এবং গবেষণার মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে প্রতি বছর এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভারতের পড়ুয়াদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং প্রস্তুতির দায়িত্ব পালন করে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম (NCSM)। সংস্থাটি ভারতে জুনিয়র জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের নির্বাচন ও প্রশিক্ষণ পরিচালনা করে। পাঁচটি ধাপের মধ্য দিয়ে যোগ্য প্রতিযোগীদের বেছে নিয়ে আন্তর্জাতিক স্তরের জন্য প্রস্তুত করা হয়।

এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ইন জুনিয়র সায়েন্স (NSEJS) দিয়ে। এরপর রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (INJSO), ওরিয়েন্টেশন-কাম-সিলেকশন ক্যাম্প (OCSC), বিশেষ প্রশিক্ষণ এবং চূড়ান্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা।

২০২৬ সালের ১২ থেকে ৩১ মে পর্যন্ত এনসিএসএমের সদর দফতরে আয়োজিত হয়েছিল ওরিয়েন্টেশন-কাম-সিলেকশন ক্যাম্প। প্রথম দুই পর্যায়ে নির্বাচিত ২৫ জন পড়ুয়াকে সেখানে তাত্ত্বিক ও পর্যবেক্ষণভিত্তিক জ্যোতির্বিজ্ঞানের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ছিল বিভিন্ন বৈজ্ঞানিক সমস্যার সমাধান, জ্যোতির্বিজ্ঞানের মৌলিক ধারণা এবং রাতের আকাশ পর্যবেক্ষণের অনুশীলন। পরবর্তী পরীক্ষা ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে পাঁচজনকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য চূড়ান্ত করা হয়।

এরপর ২৬ থেকে ৩১ অক্টোবর এনসিএসএমের সদর দফতরে আয়োজিত হয় প্রি-ডিপার্চার ক্যাম্প। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে পড়ুয়াদের চূড়ান্ত প্রস্তুতি ও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এই শিবিরে।

এনসিএসএমের ডিরেক্টর জেনারেল কে এস মুরলী ভারতীয় দলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে জানান, আন্তর্জাতিক স্তরে পাঁচটি পদক জয় তরুণ পড়ুয়াদের নিষ্ঠা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং অধ্যবসায়ের পরিচয় বহন করে। প্রতি বছর এই প্রতিযোগিতায় ভারতীয় পড়ুয়াদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে তাঁদের তৈরি করে এনসিএসএম।

দেশের বিভিন্ন বিজ্ঞানকেন্দ্রে জ্যোতির্বিজ্ঞান শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছে এনসিএসএম। সেখানে প্ল্যানেটেরিয়াম, ভারতের জ্যোতির্বিজ্ঞানের ঐতিহ্য নিয়ে প্রদর্শনী, আকাশ পর্যবেক্ষণ এবং বিশেষ বক্তৃতার মাধ্যমে পড়ুয়া ও সাধারণ মানুষের মধ্যে মহাকাশবিজ্ঞান সম্পর্কে আগ্রহ তৈরি করা হয়।

এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় দলের সঙ্গে দলনেতা হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটির ন্যাশনাল সায়েন্স সেন্টারের কিউরেটর ঝুমা ঘোষ এবং ঢেঙ্কানলের ডিএসও, ডিএসসি-র এম এম রাউত। এছাড়াও এনসিএসএমের ডিডিজি উমেশ কুমার রুস্তগী এবং ডিরেক্টর (সদর দফতর) রাজীব নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঁচটি পদক জয়ের এই সাফল্য শুধু আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মানই বাড়াল না, একই সঙ্গে দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা ও মহাকাশ গবেষণার আগ্রহ বৃদ্ধির সম্ভাবনাকেও আরও উজ্জ্বল করে তুলল।

(ছবি প্রাপ্তির কৃতজ্ঞতা স্বীকারঃ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম)

Published on: নভে ১০, ২০২৬ at ১১:৩৭


শেয়ার করুন