

Published on: ফেব্রু ২৬, ২০২৬ at ১৮:০৮
এসপিটি নিউজ, নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি: বিমান সংস্থাগুলির টিকিটের টাকা ফেরত দেওয়ার পদ্ধতি দীর্ঘদিন ধরেই বিমানযাত্রীদের মধ্যে অসন্তোষের অন্যতম বড় কারণ হয়ে উঠেছে। অব্যবহৃত টিকিটের টাকা ফেরত পেতে দেরি, বাতিল টিকিটে প্রত্যাশার তুলনায় কম অর্থ ফেরত, কিংবা নগদ ফেরতের বদলে নির্দিষ্ট সময়ের জন্য ভবিষ্যৎ ভ্রমণে ব্যবহারের ‘ক্রেডিট’ দেওয়ার মতো নীতি—এই সবকিছু মিলিয়ে যাত্রী অভিযোগের সংখ্যা ক্রমেই বেড়েছে।
যদিও সরকার বিমান সংস্থাগুলির বাণিজ্যিক সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ না করার নীতিতে অটল, তবুও জনস্বার্থ রক্ষায় এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। যাত্রী অসন্তোষের লাগাম টানতে বিমান টিকিট ফেরত নীতির ক্ষেত্রে ন্যূনতম বেঞ্চমার্ক নির্ধারণ করা হয়েছে।
বিমান সংস্থাগুলির সঙ্গে একাধিক বৈঠকের পরও ফেরত ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি না হওয়ায়, শেষ পর্যন্ত সরকার এই সিদ্ধান্তে পৌঁছয় যে নির্দিষ্ট কিছু মৌলিক মানদণ্ড বাধ্যতামূলক করা প্রয়োজন। সেই লক্ষ্যেই জারি হয়েছে নতুন CAR (Civil Aviation Requirement)।
এই CAR অনুযায়ী, ভারত থেকে আগত ও ভারতগামী সমস্ত নির্ধারিত ও অ-নির্ধারিত দেশীয় অপারেটর, বিদেশি বিমান সংস্থা এবং বিমান পরিবহন উদ্যোগের ক্ষেত্রে যাত্রীদের কেনা টিকিটের টাকা ফেরতের ন্যূনতম শর্ত স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
জনস্বার্থে বিমান বিধিমালার ধারা ১৩৩এ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ১২ মে ২০০৮-এর নির্দেশ অনুসারে এই বিধি জারি করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)। বিজ্ঞপ্তিটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি হলেও, আজ অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন CAR কার্যকর হলে টিকিট ফেরত সংক্রান্ত স্বচ্ছতা বাড়বে এবং বিমানযাত্রীদের অধিকার আরও সুরক্ষিত হবে। যাত্রী স্বার্থে সরকারের এই পদক্ষেপকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে জানিয়েছেন ট্রাভেল এজেন্টস ফেডারেশোন অব ইন্ডিয়া (টাফি)-র পূর্ব ভারতের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।
Published on: ফেব্রু ২৬, ২০২৬ at ১৮:০৮



