“কেঁপে উঠল বাংলা!” – মাঝারি ভূমিকম্পে আতঙ্ক, বাংলাদেশে মৃত ৭

Main দেশ বাংলাদেশ বিদেশ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২১, ২০২৫ at ২০:৩১

এসপিটি নিউজ, কলকাতা, ২১ নভেম্বর : শুক্রবার (২১ নভেম্বর, ২০২৫) সকালে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭।

ভূমিকম্পের কেন্দ্র ও তীব্রতা

আজ শুক্রবার ভারতীয় সময় সকাল ১০টা ১০ মিনিট নাগাদ ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। রিখটার স্কেলে ভূক্মপের মাত্রা ছিল ৫.৭ (ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ অনুযায়ী)। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী, ঢাকা থেকে প্রায় ১৩-১৪ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পন বেশি অনুভূত হয়।

ক্ষয়ক্ষতি প্রভাব

পশ্চিমবঙ্গ: কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া ও দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের প্রায় সর্বত্র জোরালো কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত রাজ্যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।

বাংলাদেশ: কম্পনের কেন্দ্রস্থল বাংলাদেশে থাকায় সেখানে প্রভাব ছিল মারাত্মক। সংবাদ সূত্র অনুযায়ী, এই ভূমিকম্পে এখন পর্যন্ত বাংলাদেশে ৭ জন নিহত হয়েছেন (৪ জন ঢাকায়, ২ জন নারায়ণগঞ্জে ও ১ জন নরসিংদীতে) এবং ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া বহু বাড়ি ও ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কিছু ভবন হেলে পড়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর একে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে আখ্যা দিয়েছে।

সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ায় বহু মানুষ ঘর ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

বিশেষজ্ঞদের সতর্কতা

বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা—এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। বড় ধরনের ভূমিকম্প ১৫০ বছর পরপর ফিরে আসার শঙ্কা থাকে এবং বাংলাদেশ বড় ঝুঁকির মধ্যে রয়েছে।

Published on: নভে ২১, ২০২৫ at ২০:৩১

 


শেয়ার করুন