ইন্ডিয়ান গুলাব পার্টির সম্মেলনে তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও শান্তির পথে এগিয়ে যাওয়ার বার্তা

Main রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৫, ২০২৬ at ০০:৩১

অনিরুদ্ধ পাল। সংবাদ প্রভাকর টাইমস

এসপিটি নিউজ, কলকাতা, ৫ অক্টোবর: তরুণ প্রজন্মকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির পথে এগিয়ে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় বিশেষ সম্মেলনের আয়োজন করল ইন্ডিয়ান গুলাব পার্টি। শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত এই সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা দিলীপ কুমার গুপ্তা বর্তমান প্রজন্মের তরুণদের বিভিন্ন সমস্যা, তাঁদের সামনে থাকা সম্ভাবনা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী, কবি ইন্দানী সাসমল, সিপিডিআর ইন্ডিয়ার অমিত সেনগুপ্ত, প্রবীণ আইনজীবী ও সমাজকর্মী অশোক কুমার চক্রবর্তী, কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী কমলেশ চন্দ্র সাহা, অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের সভাপতি কৌশিক মুখার্জী এবং বিশিষ্ট আইনজীবী ও অনাথদের জন্য নিয়োজিত সমাজসেবী গোপাল তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।

দলের প্রতিষ্ঠাতা দিলীপ কুমার গুপ্তা বলেন, ভারতের যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে দলের বিভিন্ন প্রকাশ্য কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, উদ্ভাবন এবং নতুন উদ্যোক্তা তৈরির মতো বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তিনি।

যুবসমাজের সক্রিয়তা প্রসঙ্গে দিলীপ গুপ্তা বলেন, কোনও তীব্র রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগে তরুণদের, বিশেষ করে জেন-জি প্রজন্মের, সেই কর্মকাণ্ডের সম্ভাব্য আইনি, শিক্ষাগত এবং পেশাগত পরিণতি সম্পর্কে ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। রাজনৈতিক ও সামাজিক মতামত প্রকাশের ক্ষেত্রেও শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং সাংবিধানিক পদ্ধতি অনুসরণের উপর জোর দেন তিনি।

তরুণদের উদ্দেশে দিলীপ গুপ্তার বক্তব্য, দেশের যুবক-যুবতীরা কোনও রাজনৈতিক দলের ‘খেলনা’ নয়। তাঁদের নেতিবাচকতা ও অন্ধকারের দিকে ঠেলে না দিয়ে শিক্ষা, দক্ষতা, ইতিবাচক চিন্তাভাবনা, কঠোর পরিশ্রম এবং সৃজনশীল কাজের মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করার সুযোগ তৈরি করা প্রয়োজন। তাঁর কথায়, দেশের তরুণরাই ‘গোলাপ’, যারা নিজেদের যোগ্যতা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

দলের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের কেন্দ্র করে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ তৈরি করা এবং তাঁদের শিক্ষা ও কর্মসংস্থানের পথে এগিয়ে নিয়ে যাওয়াই ইন্ডিয়ান গুলাব পার্টির অন্যতম লক্ষ্য। এদিনের কর্মসূচির অংশ হিসেবেই কলকাতায় পদযাত্রার আয়োজন করা হয়।

সম্মেলনে উপস্থিত নিখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী ইন্ডিয়ান গুলাব পার্টির উদ্যোগের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, বর্তমান সময়ে জেন-জি প্রজন্মের একাংশ বিভিন্নভাবে বিপথে পরিচালিত হচ্ছে এবং তাঁদের সঠিক পথে ফিরিয়ে আনা জরুরি। শিক্ষা, দায়িত্ববোধ ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে তরুণদের যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিয়ান গুলাব পার্টির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতার পর এবার শিয়ালদায় বিশেষ সম্মেলনের মাধ্যমে দলের লক্ষ্য ও কর্মসূচি আরও বিস্তারিতভাবে তুলে ধরলেন প্রতিষ্ঠাতা দিলীপ কুমার গুপ্তা। আগামী দিনে তরুণ সমাজকে কেন্দ্র করে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং শান্তিপূর্ণ সামাজিক অংশগ্রহণের ক্ষেত্রে দলটি কী ধরনের কর্মসূচি নেয়, সেদিকেই এখন নজর থাকবে।

Published on: অক্টো ৫, ২০২৬ at ০০:৩১


শেয়ার করুন