শীতকালীন সূচিতে কলকাতা-ব্যাংকক রুটে দৈনিক পরিষেবা বজায় রাখছে থাই এয়ারওয়েজ, সপ্তাহে তিনদিন অতিরিক্ত ফ্লাইট

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১২, ২০২৬ at ২১:২৩

এসপিটি ডিজিটাল ডেস্ক: ভ্রমণপ্রেমী ও পর্যটকদের জন্য সুখবর। আসন্ন ২০২৬-২৭ সালের শীতকালীন সূচিতে (Winter Schedule) কলকাতা (CCU) ও ব্যাংকক (BKK)-এর মধ্যে নিয়মিত বিমান পরিষেবা বজায় রাখছে থাই এয়ারওয়েজ (Thai Airways)। পাশাপাশি সপ্তাহে তিনদিন অতিরিক্ত ফ্লাইট পরিচালনারও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

অ্যামাডিয়াস (Amadeus) টাইমটেবিল অনুযায়ী, ২৫ অক্টোবর ২০২৬ থেকে ২৭ মার্চ ২০২৭ পর্যন্ত শীতকালীন সূচিতে কলকাতা থেকে ব্যাংককের উদ্দেশ্যে প্রতিদিন TG314 ফ্লাইটটি রাত ১টা ৫৫ মিনিটে ছেড়ে ভোর ৫টা ৫০ মিনিটে ব্যাংককে পৌঁছাবে। এছাড়াও TG334 ফ্লাইটটি প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার দুপুর ২টা ২০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ব্যাংককে পৌঁছাবে।

অন্যদিকে, ব্যাংকক থেকে কলকাতার উদ্দেশ্যে প্রতিদিন TG313 ফ্লাইটটি রাত ১১টা ৩৫ মিনিটে ছেড়ে পরের দিন রাত ১২টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছাবে। এছাড়া TG333 ফ্লাইটটি প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার দুপুর ১২টায় ব্যাংকক থেকে ছেড়ে দুপুর ১টা ৫ মিনিটে কলকাতায় অবতরণ করবে।

উভয় রুটেই উড়ানের সময় প্রায় ২ ঘণ্টা ২৫ থেকে ২ ঘণ্টা ৩৫ মিনিট, যা ব্যবসায়ী, পর্যটক এবং অবকাশযাপনকারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক।

বিশেষজ্ঞদের মতে, থাই এয়ারওয়েজের এই শীতকালীন ফ্লাইট সূচি কলকাতা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ব্যাংককের মধ্যে যাতায়াতকে আরও সহজ করবে। একই সঙ্গে ভারত-থাইল্যান্ড পর্যটন, ব্যবসায়িক যোগাযোগ এবং বিমান সংযোগ আরও শক্তিশালী হবে বলেও মনে করা হচ্ছে।

নতুন শিডিউল অনুযায়ী, কলকাতা-ব্যাংকক রুটে প্রতিদিনের পরিষেবার পাশাপাশি সপ্তাহে তিনদিন অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করায় যাত্রীদের জন্য আসনসংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা উৎসব ও শীতকালীন পর্যটন মৌসুমে বাড়তি চাহিদা মেটাতে সহায়ক হবে।

Published on: জুলা ১২, ২০২৬ at ২১:২৩


শেয়ার করুন