অনুমতি ছাড়া পশু জবাই নয়, ভাঙলেই জেল-জরিমানা

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১৪, ২০২৬ at ২২:৫৪

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ মে: পশু জবাই সংক্রান্ত নিয়ম আরও কঠোর করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের তরফে প্রকাশিত এক জনসাধারণের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট, ১৯৫০ অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনেই পশু জবাই করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, কোনও ব্যক্তি গরু, বাছুর, বলদ, মহিষ বা সংশ্লিষ্ট পশু জবাই করতে পারবেন না, যদি না সংশ্লিষ্ট পশুটিকে জবাইয়ের উপযুক্ত বলে সরকারি শংসাপত্র দেওয়া হয়। এই শংসাপত্র যৌথভাবে দিতে পারবেন পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, শুধুমাত্র সেই সব পশুকেই জবাইয়ের অনুমতি দেওয়া হতে পারে, যেগুলির বয়স ১৪ বছরের বেশি, অথবা বয়স, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য রোগের কারণে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে।

কোনও আবেদন খারিজ হলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অনুমোদিত পশু জবাই শুধুমাত্র পুরসভার নির্দিষ্ট স্লটার হাউস বা স্থানীয় প্রশাসন চিহ্নিত জবাইখানাতেই করা যাবে। খোলা বা জনসমক্ষে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার আরও জানিয়েছে, আইন কার্যকর করতে প্রশাসনের অনুমোদিত আধিকারিক বা সরকারি পশু চিকিৎসকের পরিদর্শনে বাধা দেওয়া যাবে না। কেউ এই নিয়ম ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বেআইনি পশু জবাই ও খোলা জায়গায় জবাই বন্ধে সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Published on: মে ১৪, ২০২৬ at ২২:৫৪


শেয়ার করুন