
Published on: নভে ১৮, ২০২৬ at ১০:৪৮
এসপিটি নিউজ, দীঘা (রামনগর), ১৮ নভেম্বর: দিঘার দত্তপুর গ্রামে বীরসা মুণ্ডার স্মরণসভা, পুষ্পার্ঘ্য অর্পণ এবং কলশযাত্রা সহযোগে মহা গীতা যজ্ঞের আয়োজন করা হলো। সামাজিক সমরসতা মঞ্চের কাঁথি জেলা সভাপতি অমৃত দত্তের পরিচালনায় এবং মহন্ত আচার্য দেবানন্দ শাস্ত্রীজী মহারাজের পৌরোহিত্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীরসা মুণ্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি বিশ্বশান্তি যজ্ঞ ও ধর্মীয় আচার–অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, গৌরাঙ্গ খাড়া, শশাঙ্ক দে (আঞ্চল প্রধান), গ্রাম সদস্য মণ্ডল সভাপতি পার্থ দাস, স্বামী মৃত্যুঞ্জয় গিরি, দেবাশিস পাণ্ডা, মনোরঞ্জন পাণ্ডা, চন্দন পাণ্ডা–সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও পদিমা ১ নম্বর অঞ্চলের প্রধান রঞ্জিতা সীট এবং মণ্ডল সভাপতি চন্দন দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ধর্মান্তরিত কয়েকশো মহিলার পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসার দাবি। আয়োজকদের দাবি, এদিন প্রায় সাড়ে চারশো মহিলা স্বেচ্ছায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, প্রায় পাঁচ মাস আগে পূর্বতন সরকারের আমলে বিভিন্ন সামাজিক বঞ্চনার প্রতিবাদে ওই মহিলারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। বর্তমানে তাঁদের সমস্যার সমাধানের আশ্বাস এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা হওয়ায় তাঁরা স্বেচ্ছায় নিজেদের পূর্বের ধর্মীয় পরিচয়ে ফিরে আসতে সম্মত হয়েছেন।
রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বলেন, সমাজের মধ্যে বর্ণবৈষম্য ও ভেদাভেদ দূর করে সকলকে একসূত্রে বাঁধার লক্ষ্যেই এই উদ্যোগ। যাঁরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, তাঁদের আবার সনাতন সংস্কৃতির মূল স্রোতে ফিরিয়ে এনে সামাজিক সমরসতার মঞ্চে যুক্ত করা হয়েছে বলেও তিনি জানান।
আয়োজকদের বক্তব্য, ধর্মীয় ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠা এবং সনাতন সংস্কৃতির প্রসারের উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। রামনগরের বাখারপুরে অবস্থিত শ্রী অখণ্ড ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রমের প্রতিষ্ঠাতা মহন্ত আচার্য দেবানন্দ শাস্ত্রীজী মহারাজের পৌরোহিত্যে কলশযাত্রা ও বিশ্বশান্তি যজ্ঞের মধ্য দিয়ে এই ধর্মীয় কর্মসূচি সম্পন্ন হয়।
তবে প্রায় সাড়ে চারশো মহিলার ধর্মে প্রত্যাবর্তনের বিষয়টি আয়োজকদের দাবি হিসেবেই জানা গিয়েছে। তাঁদের প্রত্যেকের বক্তব্য বা এই ধর্মীয় পরিচয় পরিবর্তনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রকাশ্যে আসেনি।

Published on: নভে ১৮, ২০২৬ at ১০:৪৮




