

Published on: মার্চ ১৫, ২০২৬ at ১৩:৪৭
এসপিটি নিউজ, নয়াদিল্লি/কলকাতা: পশ্চিমবঙ্গ সহ দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা আসনে এবার দু’ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। ভোট গণনা ও ফল ঘোষণা হবে ৪ মে।
নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, প্রথম দফায় পশ্চিমবঙ্গের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই দফায় ভোট হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।
দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে রাজ্যের বাকি ১৪২টি বিধানসভা কেন্দ্রে। এই দফায় ভোট হবে নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়।
একই সঙ্গে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচিও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আসামে ১২৬টি আসনে ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। কেরালার ১৪০টি আসনেও ৯ এপ্রিল ভোট হবে। কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি-তেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে তামিলনাড়ু ২৩৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। এই পাঁচ রাজ্যেরই ফল ঘোষণা করা হবে ৪ মে।
মুখ্য নির্বাচন কমিশনার জানান, পাঁচটি রাজ্যে মোট ৮২৪টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন পরিচালনার জন্য প্রায় ২৫ লক্ষ ইলেক্টোরাল অফিসার এবং প্রায় ১৫ লক্ষ ইলেক্টোরাল পার্সোনেল নিয়োজিত থাকবেন। মোট ভোটারের সংখ্যা প্রায় ১৭ কোটি ৫০ লক্ষ। এর মধ্যে পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। পরবর্তীতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা যোগ করা হবে।
স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি বুথে শতভাগ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি ভোটগ্রহণের দিন প্রতি দু’ঘণ্টা অন্তর ভোটদানের হার ঘোষণা করা হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ৭ মে।
সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যে এসে প্রশাসন, রাজনৈতিক দল এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ভোটের নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাজনৈতিক দলগুলির মধ্যে শাসক দল ছাড়া প্রায় সব বিরোধী দলই কম দফায় ভোটগ্রহণের দাবি জানিয়েছিল। বিশেষ করে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এক বা দুই দফায় নির্বাচন করার দাবি তোলে। সেই দাবি আংশিক মেনে নিয়েই এবার পশ্চিমবঙ্গে দু’ দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
উল্লেখ্য, গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়ে ২১৩টি আসন দখল করে সরকার গঠন করে। প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি, যারা ৭৭টি আসনে জয়লাভ করে। এছাড়া আইএসএফ একটি আসনে এবং একজন নির্দল প্রার্থী জয়ী হন।
এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের রাজনৈতিক লড়াই। এখন রাজনৈতিক দলগুলির নজর প্রার্থী তালিকা ঘোষণা এবং নির্বাচনী প্রচারের দিকে।
Published on: মার্চ ১৫, ২০২৬ at ১৩:৪৭



