ইয়াদ ভাশেমে নীরব শ্রদ্ধা মোদির, হলোকস্টের স্মৃতিতে মানবতার বার্তা

Main দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৬, ২০২৬ at ১৯:২৫

এসপিটি ডিজিটাল ডেস্ক: ইজরায়েল সফরের দ্বিতীয় তথা শেষদিনে ইতিহাসের এক গভীর বেদনাবহ অধ্যায়ের সামনে নীরব শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার পশ্চিম জেরুজালেমে অবস্থিত ওয়ার্ল্ড হলোকস্ট রিমেম্ব্রেন্স সেন্টার ইয়াদ ভাশেম-এ পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা্নিয়াহু। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদি ঘুরে দেখেন স্মৃতির এক অনন্য পরিসর—‘হল অফ নেমস’।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী মোদি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করে লেখেন, – “ওয়ার্ল্ড হলোকস্ট রিমেমব্রেন্স সেন্টার, ইয়াদ ভাশেমে পুষ্পস্তবক অর্পণ করলাম। এই সফরে আমার সঙ্গে থাকার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি কৃতজ্ঞ। হল অফ নেমসও পরিদর্শন করলাম—এটি এমন একটি গৌরবময় স্থান যেখানে হলোকস্টে কষ্টভোগকারী ও নিহতদের স্মৃতি সংরক্ষিত। হলোকস্ট মানবতার ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলির একটি। মানবতা, মর্যাদা ও শান্তি রক্ষার চিরন্তন স্মারক এটি।”

Read more news:

নেসেটে মোদির বার্তা: সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য, শান্তির পক্ষে ভারত–ইজরায়েল

ইয়াদ ভাশেম—হিব্রু ভাষায় যার অর্থ ‘একটি স্মারক ও একটি নাম’—হলোকস্টে নিহত ইহুদিদের স্মৃতিকে চিরঞ্জীব করে রাখার জন্য ইজরায়েলের জাতীয় স্মারক প্রতিষ্ঠান। ১৯৫৩ সালে নেসেটের সিদ্ধান্তে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি জেরুজালেম বন সংলগ্ন মাউন্ট অফ রিমেম্ব্রেন্সে অবস্থিত। প্রায় ১৮ হেক্টর জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সে রয়েছে হলোকস্ট ইতিহাস জাদুঘর, শিশু স্মৃতিস্তম্ভ, স্মরণার্থ হল, আর্ট মিউজিয়াম, আর্কাইভ, গ্রন্থাগার এবং আন্তর্জাতিক হলোকস্ট স্টাডিজ স্কুল।

ইয়াদ ভাশেমের প্রতিষ্ঠাতাদের মূল লক্ষ্য ছিল অ-ইহুদিদের স্বীকৃতি দেওয়া, যারা ব্যক্তিগত ঝুঁকিতে এবং আর্থিক বা ধর্মপ্রচারমূলক উদ্দেশ্য ছাড়াই হলোকাস্টের সময় চলমান গণহত্যা থেকে ইহুদিদের রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইজরায়েল কর্তৃক জাতিদের মধ্যে ধার্মিক হিসেবে স্বীকৃতিপ্রাপ্তদের ইয়াদ ভাশেমের একটি অংশে সম্মানিত করা হয় যা জাতিদের মধ্যে ধার্মিকদের বাগান নামে পরিচিত।

পশ্চিম প্রাচীরের পর ইয়াদ ভাশেমই ইজরায়েলের দ্বিতীয় সর্বাধিক পরিদর্শিত পর্যটন কেন্দ্র। প্রতিবছর প্রায় ১০ লক্ষ মানুষ এখানে আসেন, আর প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

প্রধানমন্ত্রী মোদির এই পরিদর্শন শুধুমাত্র এক ঐতিহাসিক স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং ভারত-ইজরায়েল সম্পর্কের সৌভ্রাতৃত্ববোধের প্রতীক হিসেবেও তাৎপর্যপূর্ণ। ইতিহাসের নিষ্ঠুরতা থেকে শিক্ষা নিয়ে মানবতা ও শান্তির পথে এগিয়ে যাওয়ার যে বার্তা ইয়াদ ভাশেম বহন করে—সেই বার্তাকেই বিশ্বদরবারে আরও একবার দৃঢ়ভাবে তুলে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী।

কৃতজ্ঞতা স্বীকারঃ ছবি দুটি প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল থেকে নেওয়া

Published on: ফেব্রু ২৬, ২০২৬ at ১৯:২৫


শেয়ার করুন