

Published on: মে ২৩, ২০২৬ at ২৩:২৫
এসপিটি নিউজ: বকরি ঈদ উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির দিন বদল করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার নবান্নের অর্থ দফতরের অডিট শাখা থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বে ঘোষিত ২৬ ও ২৭ মে-র ছুটি বাতিল করা হয়েছে। পরিবর্তে ২৮ মে, বৃহস্পতিবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে ধারণা করা হয়েছিল ২৭ মে বকরি ঈদ পালিত হবে। সেই অনুযায়ী ২৬ মে ‘ডে বিফোর ঈদ-উজ-জোহা’ এবং ২৭ মে ‘ঈদ-উজ-জোহা’ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে জানা যায়, এ বছর বকরিদ পালিত হবে ২৮ মে, বৃহস্পতিবার।
এরপরই পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে আংশিক সংশোধন এনে রাজ্য সরকার ২৮ মে-কে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে জানানো হয়েছে, ২৬ ও ২৭ মে এখন আর ছুটি নয়। ওই দু’দিন সমস্ত সরকারি দফতর, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিস খোলা থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম চলবে।
অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পি. কে. মিশ্র এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
Published on: মে ২৩, ২০২৬ at ২৩:২৫



