কোভিড বিধি মেনে পশ্চিমবঙ্গে আজ থেকে পুনরায় খুলে গেল স্কুল

Main কোভিড-১৯ দেশ রাজ্য শিক্ষা
শেয়ার করুন

Published on: নভে ১৬, ২০২১ @ ১৬:৫৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ নভেম্বর:   দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর পশ্চিমবঙ্গে আজ থেকে ফের খুলে গেল সমস্ত স্কুল। তবে শুধুমাত্র নবম থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্যই হবে পঠন-পাঠন। বাকি ক্লাসগুলো আগের মতোই অনলাইনে হবে। রাজ্য সরকারের অনুমোদিত সমস্ত স্কুলগুলি আগের মতোই নির্ধারিত সময় অনুসারেই সম্পূর্ণ স্কুল হয়েছে। যদিও আইসিএসই বোর্ডের স্কুলগুলি সপ্তাহে নির্দিষ্ট দিনে ক্লাসগুলি ফেলেছে তাদের নিয়ম-নীতি মেনেই।

শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন- “বাচ্চাদের ফিরে আসতে দেখে আমি খুবই খুশি। আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম. আমরা সত্যিই রাজ্য সরকারের নেওয়া এই সিদ্ধান্তের প্রশংসা করছি। আমরা পরিবেশকে সুস্থ রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব – শিক্ষার দিক থেকে এবং স্বাস্থ্যের দিক থেকে।”

কলকাতা মহর্ষি বিদ্যা মন্দির স্কুলে শিক্ষার্থীদের এখানে চকলেট দিয়ে স্বাগত জানানো হয়, তাদের তাপমাত্রা পরীক্ষা করা হয় এবং স্কুলের প্রবেশপথে তাদের হাত পরিষ্কার করা হয়। অধ্যক্ষ সুস্মিতা চক্রবর্তী জানান- “থার্মাল চেকিং করা হচ্ছে। আমরা স্কুলে হ্যান্ড স্যানিটাইজার রেখেছি। প্রতি বেঞ্চে শুধুমাত্র এক জন ছাত্রের বসার অনুমতি দেওয়া হয়েছে এবং ক্লাসগুলিকে দু’টি ব্যাচে বিভক্ত করা হয়েছে- প্রতিটি চারটি পিরিয়ড করে।

নৈহাটিতে সেন্ট লুক’স ডে স্কুলের প্রিন্সিপাল সাধনা ভট্টাচার্য্য জানিয়েছেন- “রাজ্য সরকারের নির্দেশ মেনেই আজ থেকে তারা নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল খুলে দিয়েছেন। তবে তার আগে তারা স্কুলের অভিভাবকদের কাছ থেকে মতামত নিয়েছিলেন। সেখানে ৮৫ শতাংশ অভিভাবকই তাদের বাচ্চাদের স্কুলে পাঠানোর পক্ষে মত দিয়েছেন। তবে এখনও যেহেতু ১২ থেকে ১৮ বছরের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়নি সেদিকে খেয়াল রেখে অনেক অভিভাবকও তাদের বাচ্চাদের স্কুলে না পাঠানোর পক্ষে মত দিয়েছেন। সব দিক বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ সপ্তাহে দু’দিন অফলাইন অর্থাৎ স্কুলে গিয়ে ক্লাস করা এবং বাকি তিনদিন অনলাইনে ক্লাস করার ব্যবস্থা রেখেছেন।”

সেন্ট লুক’স ডে স্কুলের মতো একাধিক ইংরাজি মাধ্যম স্কুলই এমনই ব্যবস্থা কার্যকর করেছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।

Published on: নভে ১৬, ২০২১ @ ১৬:৫৩


শেয়ার করুন